করাচি, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কোনদিনই ক্রিকেট খেলেননি। খেলেছেন ফুটবল। এখন পাকিস্তান ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জর্জ কোটান। তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্রিকেটারদের প্রস্তুতিতে সহায়তা করতে তাকেই ডেকেছে পাকিস্তান।
ফিটনেস বাড়ানোর ব্যাপারে ক্রিকেটারদের পরামর্শ দেবেন তিনি। এ প্রসঙ্গে কোটান বলেন, "সারা জীবন ধরে ফুটবল খেলেছি কিংবা ফুটবলারদের প্রশিক্ষণ দিয়েছি। কিন্তু ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করা নিঃসন্দেহে অন্য রকম একটা অভিজ্ঞতা।"
পাকিস্তান ম্যানেজার ইয়াওয়ার সাঈদ জানান, প্রশিক্ষণ ক্যাম্পে কোটানকে আমন্ত্রণ জানানোর পরামর্শ দিয়েছেন অধিনায়ক ইউনিস খান।
ক্রিকেটাররা ক্যাম্পে নিয়মিতই ফুটবল খেলেন। তাই সবাই মনে করেন ফিটনেস নিয়ে কোটান মূল্যবান পরামর্শ দিতে পারবেন বলে সাঈদ জানান।
অস্ট্রীয় কোচ কোটান এ বছরেরই প্রথমদিকে পাকিস্তান ফুটবল দলের কোচের দায়িত্ব নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬০৩ ঘ.
bdnews24