২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় মেয়াদেও দায়িত্ব পেতে পারেন নির্বাচকরা

মাঝে কয়েকটা দিন ক্রিকেট বোর্ডে না এলেও শেষ দিন সোমবার অফিস করতে দেখা গেছে জাতীয় দলের দুই নির্বাচককে। নাঈমুর রহমান দুর্জয় ছুটিতে থাকায় প্রধান নির্বাচক রফিকুল আলম ও আকরাম খান অনেকটা সময় কাটিয়েছেন নিজেদের অফিস কক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 01:16 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঝে কয়েকটা দিন ক্রিকেট বোর্ডে না এলেও শেষ দিন সোমবার অফিস করতে দেখা গেছে জাতীয় দলের দুই নির্বাচককে। নাঈমুর রহমান দুর্জয় ছুটিতে থাকায় প্রধান নির্বাচক রফিকুল আলম ও আকরাম খান অনেকটা সময় কাটিয়েছেন নিজেদের অফিস কক্ষে। দুই বছরের চুক্তির মেয়াদের শেষ দিনটা কাজের মধ্যে ব্যস্ত ছিলেন তারা। ভারত সফরের জন্য ২০ সদস্যের 'এ' দল নির্বাচন করেই চুক্তির মেয়াদ পূর্ণ করলেন রফিকুল আলমরা। "আমরা সফল কিংবা ব্যর্থ এর মূল্যায়ন করবেন বিসিবির কর্মকর্তারা। তবে গেল এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বেশ কিছু সাফল্য আছে। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার আইসিএলে যোগ দেয়ার পরও ভারসাম্য হারায়নি বাংলাদেশ দল। সর্বশেষ সাফল্যেই আমাদের জন্য দুই বছরের মূল্যায়ন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাক্ষতকারে জানিয়েছেন প্রধান নির্বাচক রফিকুল আলম। নির্বাচক মূল্যায়ন কমিটি পুরোনোদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তই নিতে যাচ্ছে বলে জানিয়েছেন কমিটির একজন সদস্য। ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ দেশে ফেরার পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। নির্বাচক কমিটির জন্য তৈরি বিধিমালা অনুমোদন পেলেই বর্তমান নির্বাচক কমিটির তিন সদস্যের সঙ্গে আলোচনায় বসবেন কর্মকর্তারা। নতুন বিধি মেনে নিতে আপত্তি না থাকলে জাতীয় দলের নির্বাচক হিসেবে দ্বিতীয় দফায় দুর্জয়রা নিয়োগ পাবেন বলেই জানিয়েছেন মূল্যায়ন কমিটির অন্যতম সদস্য দেওয়ান শফিউল আরেফিন টুটুল। তিনি বলেন,"বর্তমান কমিটির সাফল্য ব্যর্থতা নিয়ে কোন প্রশ্ন ওঠেনি। তাদেরকে রাখা যাবে না এমন কথাও বলেনি কমিটির কোন সদস্য। বরং তাদের পক্ষেই সবার মতামত দিয়েছে। শুধু নির্বাচক আচরণ বিধি চূড়ান্ত হলেই বর্তমান তিন সদস্যের সঙ্গে আমরা কথা বলে সিদ্ধান্ত নেব। তারা রাজি থাকলে সেটা ইতিবাচকই হবে।" মূল্যায়ন কমিটির আহবায়ক ও ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান এনায়েদ হোসেন সিরাজ দেশে ফিরলেই আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান নির্বাচক কমিটি দ্বিতীয় মেয়াদে কাজ করতে পারবেন বলে আশা করছেন বিসিবির কর্মকর্তারা। মূল্যায়ন কমিটির আরেক সদস্য বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন,"প্রধান নির্বাচকের ব্যাপারে দু'একজন কর্মকর্তার আপত্তি থাকলেও শেষ পর্যন্ত হয়তো তারাই থাকবেন। শুধু আচরণ বিধি মেনে নিতে হবে তাদেরকে।" প্রধান নির্বাচক রফিকুল আলমকে নিয়ে প্রশ্ন উঠলেও ব্যক্তিগত রেশারেশি থেকেই এধরণের আপত্তি উঠেছে বলে জানিয়েছেন মূল্যায়ান কমিটির সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/াজএনএ/১৯২৫ ঘ.