ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাম্প্রতিক পারফরমেন্সের পর ক্রিকেট বিশ্বের শীর্ষ দলগুলো বাংলাদেশকে আর হাল্কাভাবে নিতে পারবে না, বিশেষ করে একদিনের ক্রিকেটে। তবে আক্ষরিক অর্থেই শীর্ষ দলগুলোর জন্য সত্যিকারের হুমকি হয়ে উঠতে বাংলাদেশ দলের আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করেন কোচ জেমি সিডন্স।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট ও একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ জিম্বাবুয়ে সফরে যায়। সেখানে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ জেতে ৪-১ এ।
টাইগার ক্রিকেটডটকমকে সিডন্স বলেন, "আমরা সবাই জানি, চমৎকার একটি দল ও শীর্ষ চার দলের জন্য হুমকি হয়ে উঠতে বাংলাদেশকে আরও বহুদূর যেতে হবে। তারপরও এখন আর তারা আমাদের হাল্কাভাবে নিবে না।"
"তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দলটির সমালোচনায় যারা মুখর ছিলেন তারাও এখন স্বীকার করবেন যে দলটিতে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে ও উন্নতির সঠিক রাস্তাতেই আছি," বলেন সিডন্স, "তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞ হয়ে ওঠার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে খেলার মতো আত্মবিশ্বাসী হয়ে উঠতে সময় একটু লাগেই।"
চুক্তি সংক্রান্ত জটিলতায় উইন্ডিজ মূল দলের ক্রিকেটাররা বাংলাদেশের বিপক্ষে সিরিজ বর্জন করেন। ফলে বাংলাদেশকে বলতে গেলে দ্বিতীয় সারির একটি দলের বিপক্ষে খেলতে হয়। প্রথম টেস্টে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা আহত হয়ে মাঠ ছাড়লে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পান সাকিব আল হাসান। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দল পরিচালনা করে তিনি নিজেকে উদাহরণ হিসাবে মেলে ধরেন। বিশেষ করে, গ্রেনাডা টেস্টে তার ম্যাচজয়ী শতকের কথা উল্লেখ না করলেই নয়।
অধিনায়ক হিসেবে সাকিব সফল হয়েছেন বলে মনে করেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, পুরো সফরে তিনি নিজে খেলেছেন, খেলিয়েছেন অন্যদেরও।
ম্যান অব দ্য সিরিজ হওয়ার পাশাপাশি কয়েকটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হন তিনি।
মূলত টেস্ট ক্রিকেটে খাপ খাইয়ে নেওয়ার জন্য কঠোর অনুশীলন ওয়েস্ট ইন্ডিজ সফরে খুব কাজে দিয়েছে। এছাড়া টেকনিক্যাল ব্যাটিংয়ের পাশাপাশি বাংলাদেশের স্পিন নির্ভর বোলিং আক্রমণ টেস্ট সিরিজ জিততে সহায়তা করেছে বলে মনে করেন সিডন্স।
ওয়েস্ট ইন্ডিজের মূল দলের ক্রিকেটাররা ধর্মঘটে যাওয়ায় জয়ের সুযোগটা যে বাংলাদেশের জন্য অনেক বাস্তবসম্মত হয়ে উঠেছিল সেকথা স্বীকার করতে দ্বিধা করেননি সিডন্স। তবে তিনি একথাও বলেন যে আন্তর্জাতিক পর্যায়ে এই দলটি এখন অনেক বেশি আত্মবিশ্বাস অর্জন করেছে। বজায় রেখেছে উন্নতির ধারাও।
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরপরই বাংলাদেশ দল টানা ক্রিকেটের মধ্যে থাকবে। ভারত ও শ্রীলঙ্কাকে মোকাবেলার আগে জিম্বাবুয়ের সঙ্গে দেশের মাটিতে ফিরতি সিরিজ খেলবে। এরপর বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে যাবে। ইংল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ খেলবে এর পরপরই। মে মাসে আবার টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৮২৯ ঘ.
bdnews24