২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজ হারায় পন্টিংয়ের অধিনায়কত্ব ঝুঁকির মুখে নেই: ক্রিকেট অস্ট্রেলিয়া

রোববার ওভাল টেস্টে পরাজয়ের ফলে রিকি পন্টিং নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হারতে হয়েছে। শুধু তাই নয়, পন্টিং দ্বিতীয় কোনও অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসাবে দুবারের মতো অ্যাশেজ হারলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

মেলবোর্ন, আগস্ট ২৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রোববার ওভাল টেস্টে পরাজয়ের ফলে রিকি পন্টিং নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হারতে হয়েছে। শুধু তাই নয়, পন্টিং দ্বিতীয় কোনও অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসাবে দুবারের মতো অ্যাশেজ হারলেন। স্বাভাবিকভাবেই দেশের মিডিয়ায় রব উঠেছে, অধিনায়কের পদ থেকে তাকে সরানোর। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদারল্যান্ড বেশ পরিষ্কার করেই বলে দিয়েছেন, সেটি হচ্ছে না। সোমবার জেমস সাদারল্যান্ড বলেন, ইংল্যান্ডের কাছে অ্যাশেজ হারায় অধিনায়কের পদ থেকে রিকি পন্টিংকে সরিয়ে দেওয়াটা হবে 'সম্পূর্ণ অনৈতিক।" মেলবোর্নে সাংবাদিকরা পন্টিংকে অধিনায়কের পদ থেকে সরানো হবে কি-না জানতে চাইলে তিনি এ কথা বলেন। ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান আরও বলেন,"অবশ্যই আমরা জিততে চাই এবং জয়টাকেই অগ্রাধিকার দিয়েছিলাম। কিন্তু সেইসঙ্গে এটা ভেবেও গর্বিত হতে চাই যে আমাদের ক্রিকেটাররা জানামতে তাদের সবটুকু ঢেলে দিয়েছিল। আমি তো মনে করি কঠিন পরিস্থিতিতে রিকি খুবই ভালোভাবে সামাল দিয়েছেন।' গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্নের মতো বিশ্বসেরা বোলারের পাশাপাশি অ্যাডাম গিলক্রিস্টের মতো উইকেট কিপার ব্যাটসম্যানের অবসর নেওয়ার পর রিকি পন্টিং অস্ট্রেলীয় দলকে গত দুবছর ধরে পুনর্গঠনের চেষ্টা করে যাচ্ছেন। এসব বিশ্বখ্যাত ক্রিকেটারের অনুপস্থিতিতে গত পাঁচটি টেস্ট সিরিজের তিনটিতেই হার মানে অস্ট্রেলিয়া। ব্যাপারটি ক্রিকেট অস্ট্রেলিয়ারও অজানা নয়। তাই বোর্ড প্রধান সাদারল্যান্ড বলেন,"আমি মনে করি না যে ক্রিকেট অস্ট্রেলিয়া দলের অবস্থান নিয়ে কোনও স্বপ্নের ভেতরে আছে।" " সেরা ক্রিকেটারদের হারিয়ে আমরা অবশ্যই একটা পুনর্গঠন পর্যায়ের ভেতর দিয়ে যাচ্ছি। তাই নতুন ক্রিকেটারদের নিয়ে দল গঠন করায় কিছু ভুলচুক যে হবে সেটি জানা কথাই যা এবারের অ্যাশেজ সিরিজেও হয়েছে।" ওভালের রোদেলা উইকেটে কেন স্পিনার হওরিটজকে নেওয়া হয়নি- প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটারদের এমন সমালোচনারও জবাব দিয়েছেন জেমস। তিনি বলেন,"ম্যাচে আমরা হেরেছি প্রায় ২০০ রানের ব্যবধানে। তাই একজন স্পিনারকে নিলে সে আমাদের তেমন কোনও কাজেই আসতো না। কারণ আমরা প্রথম ইনিংসে অলআউট হয়েছি মাত্র ১৬০ রানে এবং বেশ ভালোভাবেই পরাজিত হয়েছি।" "আমি মনে করি না যে কোনওভাবেই অ্যাশেজ হারে নির্বাচকদের জবাবদিহি করতে পারি।..এখন থেকে আমাদের ক্ষত সারাতে হবে এবং সুযোগের সদ্ব্যবহারের জন্য সামনে তাকাতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসকে/২০৩৪ঘ.