ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সঙ্গে জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়কে তিন লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন যমুনায় খেলোয়াড়দের সম্মানে দেওয়া এক রাষ্ট্রীয় সংবর্ধনায় এ ঘোষণা দেন।
খেলোয়াড়রা সেখানে পৌঁছলে প্রধানমন্ত্রী তাদের গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে স্ব^াগত জানান।
এ সময় প্রধানমন্ত্রী খেলাধুলার মান উন্নয়নে তার সরকারের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
তিনি খেলোয়াড়দের অনুশীলনের ওপর জোর দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
খেলোয়াড়দের উদ্দেশে শেখ হাসিনা বলেন, "তোমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছো। তোমাদের এই বিজয়ে গোটা জাতি আনন্দিত হয়েছে। তোমরা আগামীতে এই জয়ের ধারা অব্যাহত রাখবে-এই বিশ্বাস আমার রয়েছে।"
প্রধানমন্ত্রী শোকের মাস আগস্টের পর ক্রিকেট খেলোয়াড়দের জাতীয়ভাবে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান।
তিনি বলেন, "আমি সময় পেলেই খেলা দেখার চেষ্টা করি। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগ দিতে হবে। এজন্য পর্যাপ্ত খেলার মাঠ থাকা চাই।"
তিনি জানান, এখন থেকে কোথাও হাউজিং সোসাইটি ও বহুতল ফ্ল্যাট নির্মাণ করলে সেখানে খেলার মাঠ রাখতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটাররা তাদের নানা সমস্যার কথাও প্রধানমন্ত্রীকে জানান। তিনি এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান মুহুর্মুহু করতালির মধ্যে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ বিজয়ের ট্রফি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
পরে ক্রিকেটাররা তাদের স্বাক্ষর করা একটি ব্যাট শুভেচ্ছা-স্মারক হিসেবে শেখ হাসিনকে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে দেশে ফেরত জাতীয় ক্রিকেট দলের কোচ, ম্যানেজার ও সব খেলোয়াড় উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, ক্রিকেট বোর্ডের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, ক্রীড়া সচিব মাহবুব আহমেদ, ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের স্পনসর গ্রামীণ ফোনের মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স) কাজী মনিরুল কবির ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান রায়হান সামদি, বাটা- এর বিজনেস ডেভেলপমেন্ট পরামর্শক এম এ কাদের ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রিকেট দলের খেলোয়াড়দের সম্মানে হোটেল শেরাটনে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সেখানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দেওয়া উপহারের টাকা দুই সিরিজের ২০ জন খেলোয়াড়ের প্রত্যেকেই পাবেন।
বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ২-০ ব্যবধানে প্রথম টেস্ট সিরিজ এবং ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করার রেকর্ড গড়ে।
একই সঙ্গে জিম্বাবুয়ের সঙ্গে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজও জয় করেছে বাংলাদেশ।
১৯৯৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার পর ১৯৯৯ সালে বিশ্বকাপে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে পরাজিত করার সময়েও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটারদের গণসংবর্ধনা দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/এসএইচ/এমআই/১৭২৫ ঘ.
bdnews24