লন্ডন, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অস্ট্রেলীয় কোচ জন ডাইসনকে বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে। সহকারী কোচ ডেভিড উইলিয়ামস তার স্থলাভিষিক্ত হয়েছেন।
উইন্ডিজ ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জন ডাইসনের বরখাস্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইন্ডিজ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন উইলিয়ামস। সাবেক টেস্ট স্পিনার ল্যান্স গিবস থাকবেন ম্যানেজারের দায়িত্বে।
গত মাসে বাংলাদেশের কাছে টেস্ট এবং ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। মূল দলের খেলোয়াড়রা বিদ্রোহ করায় ওয়েস্ট ইন্ডিজ অন্য একটি দল মাঠে নামিয়েছিল।
এছাড়া গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে স্বাগতিকরা হেরে যায় ডাকওয়ার্থ অ্যান্ড লুইসের হিসাবে। ডাইসনের ভুল হিসাব ওয়েস্ট ইন্ডিজকে পরাজয়ের ফাঁদে ফেলে। এতে তিনি খুব বিব্রতকর অবস্থায় পড়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৬০৭ ঘ.
bdnews24