ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠিক যেন বড় দলের ক্রিকেটার হয়ে উঠেছেন তারা। ইতিবাচক মনোভাব নিয়ে খেলছেন সবাই। তাইতো প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়েও বাংলাদেশ শিবিরে উচ্ছাস ছিল সাদামাটা। কারণ এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে টাইগারদের।
মঙ্গলবার বুলাওয়ের সেই কুইন্স স্পোর্টস ক্লাব মাঠেই গ্রামীণফোন কাপ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আসল পরীক্ষাটাই হয়ে যাবে এ ম্যাচে। প্রতিষ্ঠিত দলের স্বীকৃতি পেতে হলে ধারাবাহিক পারফরমেন্স করতে হবে তাদের। নিশ্চয়ই এ সুযোগকে কাজে লাগাতে চেষ্টার কসুর করবে না বাংলাদেশ। সামর্থের শেষ বিন্দু দিয়ে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের পথে এগিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করবেন সাকিবরা।
সিরিজের প্রথম ম্যাচ জয়ের স্মৃতি এখনো টাটকা। সে কারণেই মানসিকভাবে বাংলাদেশের ক্রিকেটাররা স্বাগতিক দলের ক্রিকেটারদের চেয়ে অনেকটা এগিয়ে আছে। কারণ তাদের ঝুলিতে আছে সাফল্য। আর জিম্বাবুয়ের থলে এখনো শূন্য।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার জানায়, কুইন্স স্পোর্টস ক্লাব মাঠের উইকেটের চরিত্র জানা থাকায় অপরিবর্তিত দল নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সাফল্যের সীমানায় দাঁড়াতে তামিম, আশরাফুল আর সাকিবদের ওপরই ভরসা রাখছেন নির্বাচকরা।
অন্যদিকে নিজেদের ফিরে পেতে মরিয়া হয়ে উঠতে পারে জিম্বাবুয়ে। যে কোন দলের বিপক্ষে ঘুড়ে দাঁড়ানোর মত ক্ষমতা তারা আগেও দেখিয়েছে। নিশ্চয়ই প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে সিরিজে ফিরতে চাইবে স্বাগতিকরা। তাই একটু সতর্ক থাকলে বোধহয় ভাল করবেন বাংলাদেশের ক্রিকেটাররা।
জিম্বাবুয়ে দল:
প্রসপার উতসেয়া (অধিনায়ক), হ্যামিলটন মাসাকাজ্জা, মার্ক ভার্মুলেন, শেন উইলিয়ামস, ব্রান্ডন টেলর, চার্লস কভেন্ট্রি, চামু চিভাভা, স্টুয়ার্ট মাতসিকানেরি, এলটন চিগুম্বুরা, রেমন্ড প্রাইস, ইডি রেইনফোর্ড।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক), মাহমুদ উল্লাহ, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৩৬ ঘ.
bdnews24