নয়া দিল্লী, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কাঁধে অপারেশন করায় ভারতের ফাস্ট বোলার জহির খানকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। তাই আগামী মাসে শ্রীলঙ্কায় তিন জাতির ওয়ানডে টুর্নামেন্ট এবং দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না তিনি।
টাইমস অব ইন্ডিয়া শুক্রবার জানায়, গত মাসে দক্ষিণ আফ্রিকায় জহিরের অপারেশন করা হয়েছে। এজন্য তাকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কিংবা জহির খান অবশ্য একথা নিশ্চিত করেননি।
এ বছরের শুরুর দিকে আইপিএলের এক ম্যাচে ফিল্ডিং করার সময় জহির কাঁধে আঘাত পান। এরপরও ইংল্যান্ডে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন তিনি।
অবশ্য এর পরপরই ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিকদের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারেননি ৩০ বছরের জহির।
আগামী ১৬ আগস্ট তিন জাতির ওয়ানডে টুর্নামেন্ট এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করবে ভারত। এতে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও অংশ নেবে ভারত ও নিউজিল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/১৯০০ ঘ.
bdnews24