২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট দল ব্যবস্থাপনা কমিটিতে পরিবর্তনের প্রস্তাব আসতে পারে

জাতীয় ক্রিকেট দল ব্যবস্থাপনা কমিটিতে পরিবর্তনের প্রস্তাব তোলা হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শনিবারের কার্যনির্বাহী কমিটির সভায়। দলের বিদেশ সফরে বোর্ডের খরচ কমাতে এই প্রস্তাব আনার চিন্তা করছেন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 05:24 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট দল ব্যবস্থাপনা কমিটিতে পরিবর্তনের প্রস্তাব তোলা হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শনিবারের কার্যনির্বাহী কমিটির সভায়। দলের বিদেশ সফরে বোর্ডের খরচ কমাতে এই প্রস্তাব আনার চিন্তা করছেন কর্মকর্তারা। বিশেষ করে বিদেশ সফরে দলনেতা হিসেবে একজন করে বোর্ড পরিচালককে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিতে রাখার প্রস্তাব আনা হতে পারে। যদিও বিসিবির কার্যনির্বাহী কমিটির সভার আগেই দলনেতা হিসেবে জিম্বাবুয়ে সফর গেছেন পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু। পুরো সিরিজ শেষ না হওয়া পর্যন্ত সেখানে থাকবেন তিনি। জিম্বাবুয়ে সফরে জাতীয় দল সংক্রান্ত কার্যক্রম নিয়ে লিপু কি ধরনের কাজ করবেন সে বিষয়ে নিশ্চিত কিছুই জানাতে পারেননি বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। তিনি বলেন,"জাতীয় দল ব্যবস্থাপনায় দলনেতার ভূমিকা সম্পর্কে এখনো কোন দিক-নির্দেশনা নেই। তবে লিপু হয়তো জাতীয় দলের সিদ্ধান্তগুলো পর্যবেক্ষণ করবেন। আর ম্যানেজার দাপ্তরিক বিষয়গুলো দেখবেন।" দলনেতা গাজী আশরাফ হোসেন লিপু কোচ কিংবা নির্বাচকদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারবেন না বলে জানিয়েছেন টিম অপারেশন্স কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ। তিনি বলেন, "জাতীয় দলের কার্যক্রমের সঙ্গে দলনেতা বলে কাউকে এখনো যুক্ত করা হয়নি। তাই লিপু সেখানে পর্যবেক্ষক হিসেবেই থাকবেন। কারণ বিদেশে জাতীয় দলের সঙ্গে আট সদস্যের একটি কমিটি আছে।" তিনি মনে করেন, জাতীয় দলের কার্যক্রম আরো গতিশীল করতে ব্যবস্থাপনা কমিটিতে দলনেতার পদটি যুক্ত করলে কোন সমস্যা হওয়ার কথা নয়। এজন্য অবশ্যই বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করতে হবে। যদিও দলনেতার পদটি যুক্ত করতে বিসিবির কার্যনির্বাহী কমিটির আগামী সভায় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে কোন প্রস্তাব তোলার কথা ভাবছেন না সিরাজ। তবে বোর্ড পরিচালকদের মধ্য থেকে এধরনের প্রস্তাব তোলা হতে পারে বলে মনে করছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৫৪ ঘ.