ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে হেরে যাওয়ার জন্য বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংকেই দায়ী করেছেন।
তিনি বলেন,"আমিসহ টপ অর্ডার ব্যাটসম্যানদের কেউই ভালো খেলতে পারিনি।"
বাংলাদেশ প্রথম ৬ ওভারের মধ্যে প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে। ফলে শেষদিকের ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি ভালোভাবে।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বাংলাদেশ দল এখন গুরুত্ব দিচ্ছে জিম্বাবুইয়ে সফরের ওপর। ৯ আগস্ট এই সফর শুরু হবে। বাংলাদেশ স্বাগতিক জিম্বাবুইয়ের বিপক্ষে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে।
সাকিব বলেন,"গত এক মাস আমরা খুব ভালো খেলেছি। মাত্র একটি ম্যাচ খারাপ করায় দল খারাপ হয়ে যায় না। শিগগিরই আমরা জিম্বাবুয়ের বিপক্ষে খেলব।"
একে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ বলে অভিহিত করেন তিনি। বলেন, "সিরিজ জেতার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো।"
এদিকে বাংলাদেশকে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ফ্লয়েড রেইফার তার দলে খেলোয়াড়দের প্রশংসা করেন অকুণ্ঠচিত্তে। বিশেষ করে ফিল্ডারদের।
তিনি বলেন,"টিম মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ফিল্ডিং-এ আমাদের আরও ভাল করতে হবে। কারণ টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ অনেক দ্রুতগতির খেলা।"
"আমি দলের ক্রিকেটারদের ভবিষ্যতের দিকে তাকাতে বলেছি। বলেছি ক্রিকেটকে আরও বড় প্রেক্ষাপটে দেখতে," বলেন রেইফার।
তিনি বলেন, "প্রতিদিনই আমরা উন্নতি করছি। জয়ের ধারায় ফেরার জন্য আমাদের শুধু একটি জয়ের প্রয়োজন ছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২২২৬ ঘ.
bdnews24