ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাঁটুর ইনজুরি সত্ত্বেও অ্যাজবাস্টনে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট খেলতে দৃঢ়প্রতিজ্ঞ ইংলিশ অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটফ। এজন্য প্রয়োজনে সব কিছুই করতে রাজি আছেন তিনি।
আগামী সপ্তাহে এই টেস্ট শুরু হবে।
অস্ত্রোপচারের জন্য স্বাগতিক ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান কেভিন পিটারসেন অ্যাশেজ সিরিজের বাইরে চলে যাওয়ায় ফ্লিনটফের প্রয়োজন আরও বেশি করে দেখা দিয়েছে ইংল্যান্ডের জন্য।
ফ্লিনটফ ইন্ডিপেন্ডেন্টকে বলেন, "এখানে কারও জন্য কোনও নিশ্চয়তা নেই। কিন্তু আমার ক্যারিয়ারে আর মাত্র তিনটি টেস্টই বাকি রয়েছে। তাই আমি এই তিনটি টেস্ট খেলার জন্য আপ্রাণ চেষ্টা করব।"
"মাঠে নামার জন্য আমি সব কিছুই করব। তারপরও যদি মাঠে নামতে না পারি, তাহলে ব্যাপারটি হবে খুবই হতাশার। তবে আশার কথা এই যে আমি লর্ডসে নিয়মিতই ঘণ্টায় ৯০ মাইল গতিতে বোলিং করেছি," ফ্লিনটফের গলায় আত্মবিশ্বাস।
যদিও ফ্লিনটফ ইনজুরি আক্রান্ত হাঁটুতে এখনও ব্যথা অনুভব করছেন। তারপরও অ্যাজবাস্টন টেস্টের আগে ১০ দিনের বিরতি তার জন্য দারুণ এক সুযোগ এনে দিয়েছে, অন্তত সেরে ওঠার ক্ষেত্রে। তাই তিনিও ঠিক সেভাবেই বিশ্রাম নিয়ে অ্যাজবাস্টন টেস্টের আগেই সুস্থ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯২ রানে সফরকারী অস্ট্রেলিয়ার ৫ উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন ফ্লিনটফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২১০৭ ঘ.
bdnews24