২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রাউসের সেঞ্চুরিতে প্রথম দিন ইংল্যান্ডের

ক্রিকেটের মক্কা লর্ডসে সেঞ্চুরি ইংলিশদের কাছে অন্যরকম একটা আনন্দের। বৃহস্পতিবার অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের সেঞ্চুরিতে প্রথম দিনটা মন্দ কাটেনি ইংল্যান্ডের। দ্বিতীয় টেস্টে প্রথম দিন শেষে স্কোর বোর্ডে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৩৬৪ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 07:12 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটের মক্কা লর্ডসে সেঞ্চুরি ইংলিশদের কাছে অন্যরকম একটা আনন্দের। বৃহস্পতিবার অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের সেঞ্চুরিতে প্রথম দিনটা মন্দ কাটেনি ইংল্যান্ডের। দ্বিতীয় টেস্টে প্রথম দিন শেষে স্কোর বোর্ডে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৩৬৪ রান। অবশ্য দিনের শেষ আর শুরুর সঙ্গে বিস্তার ফারাক ছিল। টস জিতে ব্যাটিং নিয়ে অধিনায়ক স্ট্রাউস আর অ্যালিয়েস্টার কুক কি অসাধারণ ব্যাটিংই না করেছেন। অসি বোলারদের নাকাল করে ১৯৬ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ৯৫ রানে জনসনের বলে এলবিডব্লিউ হন অ্যালিয়েস্টার কুক। দেড় সেশনেরও বেশি সময় কোন উইকেট না হারালেও চার বিরতির আগে দ্বিতীয় উইকেট তুলে নিয়ে নড়েচড়ে বসে অস্ট্রেলিয়া। হিলফেনহাস এলবিডব্লিউর শিকার বানান বোপারাকে (১৮ রান)। দিনের শেষ সেশনটা ইংলিশদের জন্য অস্বস্তি বয়ে আনেন অসি বোলাররা। অধিনায়ক স্ট্রাউস দাপটের সঙ্গে উইকেট আগলে রাখলেও তাকে যেন সঙ্গ দিতে পারছিলেন না অন্যরা। ফলে শেষ সেশনে চার উইকেট হারিয়ে কিছুটা হলেও ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। পিটানসেন, কলিংউড, প্রায়ররা বড় জুটিই গড়ে তুলতে পারলেন না। ইনফর্ম ব্যাটসম্যান পিটারসেন ৩২ রানে সিডেলের বলে ক্যাচ দেন হাডিনের হাতে। আর প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসের লড়াকু ব্যাটসম্যান কলিংউড ফিরেছেন ১৬ রানে। ইংল্যান্ডের সংগ্রহ তখন চার উইকেটে ৩০২ রান। এরপর প্রায়র এসেও সুবিধা করতে পারেননি। টেস্টে ফ্লিনটফের ব্যাটেও রান আসেনি। হিলফেনহাসের বলে ক্যাচ তোলার আগে মাত্র ৪ রান যোগ করেন এই অল-রাউন্ডার। দিন শেষে কেবল অধিনায়কের ইনিংসটাই আলো ছড়াচ্ছিলো। ১৬১ রানে অপরাজিত আছেন স্ট্রাউস। শেষ বেলায় সঙ্গে ছিলেন ব্রড। দু'টি করে উইকেট নিয়েছেন অসি পেসার হিলফেনহাস ও জনসন। সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ৩৬৪/৬ (এন্ড্রু স্ট্রাউস ১৬১, অ্যালিয়েস্টার কুক ৯৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০১২০ ঘ.