ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানকে হতাশায় ডুবিয়ে ব্যাটিংয়ে একচেটিয়া আধিপত্য দেখালো শ্রীলংকা। প্রথম ইনিংসে পাকিস্তানকে ৯০ রানে গুড়িয়ে দিয়ে দিন শেষে ৭৪ রানে এগিয়ে গেছে তারা।
কলম্বো টেস্টের প্রথম দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেটে ১৬৪ রান।
ওয়ার্নাপুরা (১১), পারানাভিতানা (২৬) ও মাহেলা জয়াবর্ধনে (১৯) আউট হলেও ৮১ রানে অপরাজিত আছেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এখনো টেস্ট সিরিজ জেতা হয়নি শ্রীলংকার। তাই পাকিস্তানকে এমন বাগে পেয়ে সুযোগ হাতছাড়া করতে চাইবে না লংকানরা। নিশ্চয়ই দ্বিতীয় দিন ইনিংসটাকে বড় ভিতের ওপর দাঁড় করাতে চাইবে তারা।
এখনো চার দিন খেলা হবে। একেতো সময় নিয়ে ইনিংস বড় করার সুযোগ, তার ওপর দ্বিতীয় দিনের উইকেট থাকে ব্যাটসম্যানদের অনুক ূলে। ম্যাচের সবই যেন শ্রীলংকার পক্ষেই যাচ্ছে।
অবশ্য এ জন্য পাকিস্তান দলই দায়ী। শ্রীলংকার বিপক্ষে ৯০ রানে প্রথম ইনিংস গুটিয়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম এ পরাশক্তি আরেকবার প্রমাণ করলো তাদের ব্যাপারে অনুমান করা সত্যিই কঠিন। টস জিতে তাদেরই পছন্দ ছিল আগে ব্যাটিং। লংকান বোলাররা শুধু নিজেদের কাজটুকু করে গেছেন। এতেই কুপোকাত পাকিস্তানী ব্যাটসম্যানরা।
গলে প্রথম টেস্ট হারের পর সিরিজে সমতা আনতে একটু চাপে থাকতেই পারে পাকিস্তানের ব্যাটসম্যানরা। তাই বলে দ্বিতীয় টেস্টের শুরুতেই এমন নাকাল হওয়া!
চার রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। কুলাসাকেরার বলে খুররম মঞ্জুর ক্যাচ দেন দিলশানের হাতে।
পরের ব্যাটসম্যান উইকেটে সেট হতে একটু দেখে শুনে খেলবে সেটাই স্বাভাবিক হলেও ভুল করে বসেন ইউনুস খান। চতুর্থ ওভারের প্রথম বলেই থুশারার কাছে বোল্ড হন পাক অধিনায়ক। পাঁচ বল খেলে ফিরেছেন শূন্য হাতে।
প্রথম দুই ব্যাটসম্যানের দেখাদেখিই যেন বাকিরাও উইকেটে আসা-যাওয়ার মধ্যে ছিলেন। কুলাসেকারার মিডিয়াম পেসের সামনে প্রাণ দেন আরো তিন জন। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান মোহাম্মদ ইউসুফের ব্যাট থেকে আসে মাত্র ১০ রান। মিজবাউল হক শূন্য। আব্দুর রৌফও তাই।
পাকিস্তানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৩৬ বল খেলে কোন রান পাননি রৌফ। তার এই 'কীর্তি' বিশ্ব রেকর্ডের ১২ নম্বরে জায়গা পেয়েছে।
পাকিস্তানের ইনিংসে ব্যতিক্রম দেখা যায় কেবল একজনকেই। সাবেক অধিনায়ক শোয়েব মালিক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৯ রানে।
কুলাসেকারা, ম্যাথুস আর থুশারা সাত উইকেট নেওয়ার পর পাকিস্তানের লেজ ছেটে দেয় মেন্ডিসের স্পিন ঘূর্ণি। গুল, আমের ও আজমলের উইকেট শিকার করতে মাত্র তিন রান খরচ করতে হয় তাকে।
শ্রীলংকার বিপক্ষে এটিই পাকিস্তানের সবচেয়ে ছোট ইনিংস। আগেটি ছিল এক সপ্তাহ আগে গল টেস্টের ১১৭।
রেকর্ড ভাঙা-গড়ার খেলা এই ইনিংসে ভালোই হয়েছে। ইনিংসে চার ব্যাটসম্যানের শূন্য রানে আউটের ঘটনা (ইউনুস, মিজবাউল হক, আব্দুর রৌফ ও আমের) লংকানদের বিপক্ষে এই প্রথম। আর যে কোন দলের বিপক্ষে তৃতীয়।
যদিও ১৯৮০ সালে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ইনিংসে ছয় উইকেট হারানোর রেকর্ড পাকিস্তানেরই দখলে।
ম্যাচের প্রথম ইনিংসে ৩৬ ওভারে গুটিয়ে যাওয়ার ঘটনাও রেকর্ড বুকের তৃতীয় স্থানে জায়গা পেয়েছে। এত সব রেকর্ডের ইনিংসে মাত্র তিন ব্যাটসম্যান রান দুই অংকে নিতে পেরেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২২৫৩ঘ.
bdnews24