কার্ডিফ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- কার্ডিফে বুধবার শুরু হওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের সূচনা দিনে ৭ উইকেটে ৩৩৬ রান করে শুরুটা ভালোই করেছে স্বাগতিক ইংল্যান্ড।
দুই স্পিনার নিয়ে খেলতে নামা ইংল্যান্ড এদিন টসে জিতে ব্যাটিং নেয়। কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা থেকে ধারণা করা হয়েছিল কার্ডিফের উইকেটে স্পিন ধরবে। কারণ পিচ অনেকটাই স্লো এবং বল নিচু হয়ে আসে। দু দলের অধিনায়কও গত দু দিন ধরে পিচ পরীক্ষা করে দেখেন।
এ রকম একটি পিচ যে স্পিনারদের বাড়তি সুবিধা দেবে সেটি মাথায় রেখেই ইংলিশ নির্বাচকরা গ্রায়েম শনের পাশাপাশি মন্টি পানেসারকেও দলে নিয়ে নেন। অস্ট্রেলিয়া দলে রাখেন নাথান হওরিটজকে। যিনি সফরের অনুশীলনী ম্যাচে ২ উইকেটের বিনিময়ে ২৬০ রান দিয়েছিলেন।
রিকি পন্টিং অবশ্য বিকেলের আগে নাথানের হাতে বল তুলে দেবার সাহস পাননি। পন্টিংয়ের পেসাররা ইংল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরৎ পাঠানোর পরই বলে হাত ঘুরানোর সুযোগ জোটে নাথানের। দারুণ খেলতে থাকা কেভিন পিটারসেনকে সাজঘরে ফিরিয়ে তিনি এর প্রতিদান দেন।
চতুর্থ উইকেট জুটিতে কেভিন পিটারসেন (৬৯) এবং পল কলিংউড (৬৪) বিকেল পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে ১৩৬ যোগ করলে ইংল্যান্ডের স্কোর শক্ত ভিতের ওপর দাঁড়ায়।
চা বিরতির পর এই জুটি প্যাভিলিয়নে ফিরলে ম্যাট প্রায়র (৫৬) এবং এন্ড্রু ফ্লিনটফ (৩৭) জুটি আরও ৮৬ রান যোগ করলে দিন শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩৩৬। ক্রিজে আছেন এন্ডারসন (২*) এবং ব্রড (৪*)।
এর আগে সকালে ইনিংসের গোড়াপত্তন করতে অধিনায়ক স্ট্রসের সঙ্গে মাঠে নামেন অ্যালিস্টার কুক। কিন্তু দলীয় ২১ রানের মাথায় কুক ১০ রান করে আউট হয়ে যান হিলফেনাসের বলে।
এরপর রবি বোপারাকে নিয়ে স্ট্রস একটা ভালো শুরু উপহার দেওয়ার চেষ্টা করে নিজেই ব্যক্তিগত ৩০ রানে আউট হয়ে যান জনসনের বলে। দলীয় রান তখন ২ উইকেটে ৬৭। এরপর রবি বোপারাও লাঞ্চের আগেই প্যাভিলিয়নে ফেরেন ব্যক্তিগত ৩৫ রান করে। তাকেও ফেরান অসি পেসার জনসন। দলের রান তখন ৩ উইকেটে ৯০।
এরপর পিটারসেন-কলিংউড, প্রায়র-ফ্লিনটফ জুটির কল্যাণেই ইংল্যান্ডের স্কোর ৩০০ পার হয়।
অস্ট্রেলিয়ার পক্ষে এদিন সফল বোলার জনসন, হিলফেনাস এবং সিডলস। তবে পিটারসেনের উইকেট নিয়ে স্পিনার হওরিটজ কাজের কাজটি করেন।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড প্রথম ইনিংস (প্রথম দিন শেষে): ৩৩৬/৭ ( পিটারসেন ৬৯, কলিংউড ৬৪, প্রায়র ৫৬; জনসন ১৮-৬৮-২, হিলফেনাস ২৩- ৬১-২, সিডল ২৩-৯৩-২)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমআই/১৫১১ ঘ.
bdnews24