ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাঁটুর ইনজুরি ভালোই ভোগাচ্ছে মুত্তিয়া মুরালিধরনকে। পুরোপুরি সেরে না ওঠায় দ্বিতীয় টেস্টেও সম্ভবত মাঠে নামতে পারছেন না তিনি।
হাঁটুর ইনজুরিই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠের বাইরে রেখেছিল তাকে।
ডিএনএ'র সঙ্গে বুধবার এক সাক্ষাৎকারে মুরালি বলেন, "ইনজুরি থেকে তিনি এখনও সেরে উঠতে পারেননি। দ্বিতীয় টেস্টের আগেই যে সেরে উঠতে পারবো, এমন কোন আশাও দেখছি না।"
"তাই দ্বিতীয় টেস্টেও হয়তো দর্শকের ভূমিকায় আমাকে থাকতে হবে," রীতিমতো হতাশা ঝড়ে পড়লো মুরালির গলা থেকে।
গল টেস্ট শুরুর আগে প্র্যাকটিস সেশনে মুরালির হাঁটুর মাংসপেশীতে টান ধরে। তাকে বিশ্রামের পরামর্শ দেন ফিজিও। ফলে গল টেস্টে মুরালির জায়গায় মাঠে নামছেন স্পিনার রঙ্গনা হেরাথ।
গল টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৫০ রানের জয়কে 'দুর্দান্ত' হিসেবে অভিহিত করেছেন মুরালি। তিনি বলেন, "এই জয় দুর্দান্ত দলগত প্রয়াসের ফল। বিশেষ করে, হেরাথের বোলিং ছিল খুবই ভালো। ওর লেংথ, নিশানা ও ফ্লাইট পরিবর্তনে আমি খুব খুশি।"
"তবে ওকে আমি কোনও পরামর্শ দেব না। ক্রিকেট ও অনেকদিন ধরেই খেলছে," খুশি খুশি গলা মুরালির।
১২ জুলাই থেকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এখানেই হবে সিরিজের তৃতীয় টেস্টটিও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২১৩৫ ঘ.
bdnews24