২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জটিলতায় বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজ

বেশ কিছু দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ বয়কটের ঘোষণা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ফলে জটিলতা দেখা দিলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আশাবাদী, টেস্ট সিরিজ ব্যাহত হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও বলছেন, সিরিজ পরিত্যক্ত করার কোনও ঘোষণা আসেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 06:26 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

মিয়ামি, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বেশ কিছু দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ বয়কটের ঘোষণা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ফলে জটিলতা দেখা দিলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আশাবাদী, টেস্ট সিরিজ ব্যাহত হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও বলছেন, সিরিজ পরিত্যক্ত করার কোনও ঘোষণা আসেনি। বৃহস্পতিবার সেন্ট ভিনসেন্ট প্রথম টেস্ট শুরু হওয়ার কথা। এই সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জুলিয়ান হান্টে জানান, সেন্ট ভিনসেন্টের প্রথম টেস্ট সময়মতোই অনুষ্ঠিত হবে। খেলোয়াড়দের সংগঠন দি ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (ডাব্লুআইপিএ) জানায়, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছু দিন আগে বোর্ডের সঙ্গে বেশ কিছু বিষয় সমাধানের জন্য কথা বলার উদ্যোগ নেওয়া হয়েছিল। ডাব্লুআইপিএ প্রেসিডেন্ট দিননাথ রামনারায়ণ বলেন, "অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে ক্রিকেটাররা আমাকে অনুরোধ করেছিল বোর্ড, স্পনসর এবং জনগণকে জানানোর জন্য যে তারা বোর্ডের সঙ্গে কোনও চুক্তি ছাড়া আর খেলা চালিয়ে যেতে পারবে না।" এ রকম একটি পরিস্থিতিতেও বোর্ড প্রেসিডেন্ট হান্টে রয়টার্সকে বলেন, "সিরিজ চলবে।" ধর্মঘটী ক্রিকেটারদের পরিবর্তে নতুন স্কোয়াড গঠনের কথা নাকচ করে বলেন, "ঈশ্বর আমাকে ক্ষমা করুন, আমরা খেলোয়াড় ছাড়া কোনও টেস্ট খেলতে পারি না।" তবে ক্যারিবীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ দলের বেশিরভাগ ক্রিকেটারই তাদের বাড়ি ফিরে গেছে এবং পরিকল্পনা মতো বৃহস্পতিবারের ম্যাচের জন্য প্রস্তুতি নেয়নি। অ্যাসোসিয়েশন জানায়, গত চারটি সিরিজ ক্রিকেটাররা কোনও ধরনের চুক্তি ছাড়াই খেলেছে। এক বিবৃতিতে তারা জানায়, গত মেতে ইংল্যান্ডের বিপক্ষের সিরিজ থেকে শুরু করে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং সবশেষে ভারতের বিপক্ষের ওয়ানডে সিরিজেও তারা চুক্তি ছাড়াই খেলে। বোর্ড তাদের সঙ্গে বকেয়া পাওনার বিষয়টি সুরাহা করেনি। এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সিরিজ পরিত্যক্ত হওয়ার কোনও খবর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বিসিবিকে জানায়নি। তিনি বলেন," ওয়েস্ট ইন্ডিজ থেকে আমাদের কিছু জানানো হয়নি। ম্যাচ রেফারিও সিরিজ পরিত্যক্ত করার কোনও ঘোষণা দেননি। ফলে সিরিজ হচ্ছে বলেই আমরা মনে করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসএ/এমআই/১১৩২ ঘ.