কিংস্টন, ২৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্থক্যটা গড়ে দিয়েছে যুবরাজ সিংয়ের ইনিংসটাই। নইলে শুক্রবার কিংস্টনের স্যাবাইনা পার্কে ভারত-ওয়েস্ট ইন্ডিজ চার ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানেই। আর টান টান উত্তেজনার এই ম্যাচে ভারতের ছুঁড়ে দেওয়া ৩৪০ রানের টার্গেট তাড়া করতে নেমেও শেষ পর্যন্ত লড়াই করে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে মাত্র ২০ রানে।
টস জিতে ব্যাট করতে নামা ভারতকে শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগদের অভাব বুঝতেই দেননি যুবরাজ। সাতটি ছক্কা আর দশটি বাউন্ডারির সাহায্যে ১০২ বলে তার ১৩১ রানের ইনিংসে ভর করে মহেন্দ্র সিং ধোনির দল ৫০ ওভারে তুলেছিল ৬ উইকেটে ৩৩৯ রান। ৩২ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে দিনেশ কার্তিকের (৬৭) সঙ্গে ১৩৫ আর চতুর্থ উইকেটে অধিনায়ক ধোনির (৪১) সঙ্গে ৮৬ রানের জুটি গড়েছেন এই বাঁহাতি। এছাড়া পরের দিকে ইউসুফ পাঠানের ৩৮ বলে অপরাজিত ৪০ রানের ইনিংসটাও কাজে লেগেছে ভারতের।
জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্বাগতিকরা। কিন্তু অধিনায়ক ক্রিস গেইল (৩৭) রুনাকো মর্টন (৪২), শিবনারায়ন চন্দরপল (৬৩), রামনরেশ সারওয়ান (৪৫) এমনকি উইকেটকিপার দিনেশ রামদিন (২৯) সবাই সাধ্যমত লড়াই করায় ভারতের জয় কখনোই নিশ্চিত মনে হয়নি। কিন্তু যুবরাজের মতো করে কেউ একপ্রান্ত ধরে রাখতে না পারায় ৯ বল বাকি থাকতে ৩১৯ রানে অলআউট হয়ে গেছে তারা।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ৫০ ওভারে ৩৩৯/৬ (যুবরাজ ১৩১, কার্তিক ৬৭, ধোনি ৪১, ইউসুফ ৪০*; ডোয়াইন ব্র্যাভো ২/৬৬, বার্নার্ড ১/৫০, বেকার ১/৬২, টেলর ১/৭৪)
ওয়েস্ট ইন্ডিজ : ৪৮.১ ওভারে ৩১৯/১০ (চন্দরপল ৬৩, সারওয়ান ৪৫, মর্টন ৪২, গেইল ৩৭, রামদিন ২৯; নেহরা ৩/৪৯, ইউসুফ ৩/৫৬)
ফল : ওয়েস্ট ইন্ডিজ ২০ রানে জয়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬৪১ ঘ.
bdnews24