লন্ডন, ২১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল কলিংউডের দল সেমিফাইনালেই উঠতে পারেনি। তবে ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমী মানুষের সেই দুঃখ কিছুটা হলেও ভুলিয়ে দিতে পেরেছে মেয়েরা। রোববার লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে তারা নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে জিতে নিয়েছে প্রথম প্রমীলা টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে অলআউট হওয়া নিউজিল্যান্ড মাত্র ৮৫ রান করতে পেরেছে। কিউই মেয়েদের এমন দুর্দশার সবচেয়ে বড় কারণ ইংল্যান্ডের উদ্বোধনী বোলার ক্যাথরিন ব্রান্টের দুর্দান্ত বোলিং। ৪ ওভারে মাত্র ৬ রান খরচায় এই ডানহাতি মিডিয়াম পেসারের শিকার তিন জন। ম্যাচ-সেরা নির্বাচিত ব্রান্টের সঙ্গে নিকি শ (২/১৭) এবং জেনি গান (২/১৯) জ্বলে ওঠায় বড় সংগ্রহ গড়তে পারেনি নিউজিল্যান্ড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে দারুণ এক ফিফটি করে ইংল্যান্ডকে জয় এনে দিয়েছিলেন ক্লেয়ার টেলর। ফাইনালেও ব্যাট হাতে তিনি উজ্জ্বল। ওপেনার সারা টেলর (২৩) ছাড়া আর কেউ দুই অংকের ঘরে যেতে না পারলেও ক্লেয়ারের জন্যই জয় পেতে সমস্যা হয়নি ইংরেজ মেয়েদের। দারুণ এক লফটেড অফড্রাইভে বাউন্ডারি মেরে দলকে লক্ষ্যে পৌঁছে দেয়ার সময় তার নামের পাশে জ্বলজ্বল করছিল অপরাজিত ৩৯ রান। ৩২ বলের ইনিংসটায় বাউন্ডারি ৪টি। সব মিলিয়ে ১৯৯ রান এবং সেমিফাইনালে চাপের মুখে দলকে জয় এনে দেয়ার সুবাদে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও ক্লেয়ার টেলর।
তিন মাস আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়েই শিরোপা জিতেছিল ইংল্যান্ডের মেয়েরা। এবার টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপেও তারা চ্যাম্পিয়ন। মেয়েদের সীমিত ওভারের ক্রিকেটে এই মুহূর্তে ইংল্যান্ডই যে সেরা তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না!
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ২০ ওভারে ৮৫/১০ (স্যাটার্থওয়েইট ১৯, ডুলান ১৪, পুলফোর্ড ১৪; ব্রান্ট ৩/৬, শ ২/১৭, গান ২/১৯)
ইংল্যান্ড : ১৭ ওভারে ৮৬/৪ (ক্লেয়ার টেলর ৩৯*, সারা টেলর ২৩)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০০১ঘ.
bdnews24