লন্ডন, ৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি, কিন্তু প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে অপ্রত্যাশিত হারের পর তার দিকেই হাত বাড়াতে বাধ্য হয়েছে ইংল্যান্ড। কেভিন পিটারসেন সেই বিশ্বাসের মর্যাদাও রেখেছেন। রোববার ওভালে 'বাঁচা-মরার' লড়াইয়ে তার হাফসেঞ্চুরিতেই পাকিস্তানকে ৪৮ রানে হারিয়েছে ইংল্যান্ড। সেই সঙ্গে টিকিয়ে রেখেছে 'বি' গ্র"প থেকে সুপার এইটে ওঠার স্বপ্ন।
টস জিতে পাকিস্তানের অধিনায়ক ইউনিস খান স্বাগতিকদের ব্যাট করার আমন্ত্রণ জানালে পিটারসেনের ৩৮ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৫ রান তুলেছিল ইংল্যান্ড। জবাব দিতে নেমে গতবারের রানার্স আপ আর টোয়েন্টি-টোয়েন্টি আন্তর্জাতিকের সবচেয়ে সফল দল পাকিস্তান ২০ ওভারে তুলতে পারে ৭ উইকেটে ১৩৭ রান।
অধিনায়ক ইউনিস খানের অপরাজিত ৪৬ রানও ঠেকাতে পারেনি পাকিস্তানের হার। পাঁচটি বাউন্ডারিতে সাজানো তার ৩১ বলের ইনিংসটা কেবল হারের ব্যবধানই কমিয়েছে খানিকটা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তিনি মাঠে নামার আগেই আসলে সমীকরণটাকে কঠিন করে তুলেছে পাকিস্তান। ওপেনার সালমান বাট (২৮), শোয়েব মালিক (২০) আর মিসবাহ-উল হক (১০) ছাড়া ইউনিসের দলের আর কোনো ব্যাটসম্যানই ছুঁতে পারেননি দুই অঙ্ক।
ইংল্যান্ডের পক্ষে ১৭ রানে তিনটি উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ডিমিট্রি ম্যাসকারেনহাস, জেমস অ্যান্ডারসন, গ্রায়েম সোয়ান আর লুক রাইট।
৯ রানে প্রথম উইকেট পতনের পর মাঠে নেমে লুক রাইট (৩৪) ও ওয়েইস শাহকে (৩৩) নিয়ে দ্বিতীয় ও তৃতীয় উইকেটে যথাক্রমে ৫৩ আর ৬৬ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে বড় স্কোরের পথ দেখিয়েছেন পিটারসেনই। তিনটি ছক্কা আর পাঁচটি বাউন্ডারিতে সাজানো সাবেক ইংল্যান্ড অধিনায়কের ইনিংসটা শেষ হয়েছে ছক্কা মারতে গিয়ে আকাশে বল তুলে দিয়ে শর্ট থার্ডম্যানে দাঁড়ানো উমর গুলের হাতে ধরা পড়ে। অফস্পিনার সাইদ আজমলের করা ওই ১৭তম ওভারেই আউট হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক পল কলিংউডও (১৫)। ওভারের প্রথম বলেই তিনি লং অফে ক্যাচ দিয়েছেন শহিদ আফ্রিদির হাতে। এই জোড়া আঘাতে খানিকটা হলেও কমেছে স্বাগতিকদের রান-বন্যা।
আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান রাইট তার ১৬ বলের ইনিংসে ছটি বাউন্ডারির সঙ্গে মেরেছেন একটি ছক্কা, তুলনামূলক ধীরগতিতে ব্যাট করা শাহর ৩২ বলের ইনিংসটা সাজানো একটি ছক্কার সাথে তিনটি বাউন্ডারিতে।
এর আগে ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারেই রবি বোপারাকে (৫) বিদায় করে দিয়ে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন তরুণ ফাস্ট বোলার মোহাম্মদ আমির। আর রাইট ও শাহর উইকেট দুটি পেয়েছেন গুল। দুজনকেই বোল্ড করেছেন এই পেসার।
এই ম্যাচের জন্য ইংল্যান্ড দলে পরিবর্তন আনা হয়েছে তিনটি। ইনজুরি কাটিয়ে কেভিন পিটারসেনের ফেরা তাদের জন্য এক বিরাট সুখবর। মিডল অর্ডার ব্যাটিংয়ে গতি আনতে দিমিত্রি ম্যাসকারেনহাসকেও ফিরিয়ে আনা হয়েছে একাদশে। এই দুজনকে জায়গা করে দিতে বাদ পড়ছেন ইওয়িন মরগ্যান আর রবার্ট কি। এছাড়া প্রথম দুদিনের ম্যাচগুলোয় স্পিনারদের সাফল্য দেখে পেসার রায়ান সাইডবটমের জায়গায় স্পিনার গ্রায়েম সোয়ানকেও আনা হয়েছে প্রথম একাদশে।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ২০ ওভারে ১৮৫/৫ (পিটারসেন ৫৮, রাইট ৩৪, শাহ ৩৩; আজমল ২/২৩, গুল ২/৩৭)।
পাকিস্তান : ২০ ওভারে ১৩৭/৭ (ইউনিস ৪৬*, বাট ২৮, শোয়েব মালিক ২০, মিসবাহ ১০; ব্রড ৩/১৭)।
ফল : ইংল্যান্ড ৪৮ রানে জয়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০১৪৭ ঘ.
bdnews24