২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিবুল-মাসুদের চোখেও ভারতকে হারানোর স্বপ্ন

বাংলাদেশ দলের চোখে ২০০৭ বিশ্বকাপের মতোই টি২০ বিশ্বকাপ শুরুর স্বপ্ন। এবারো যে প্রথম ম্যাচের প্রতিপক্ষ সেই ভারত। আবারো সেই সাফল্যের পুনরাবৃত্তি কী সম্ভব? এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছেন বাংলাদেশ দলের দুই সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও খালেদ মাসুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 02:57 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, ৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ দলের চোখে ২০০৭ বিশ্বকাপের মতোই টি২০ বিশ্বকাপ শুরুর স্বপ্ন। এবারো যে প্রথম ম্যাচের প্রতিপক্ষ সেই ভারত। আবারো সেই সাফল্যের পুনরাবৃত্তি কী সম্ভব? এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছেন বাংলাদেশ দলের দুই সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও খালেদ মাসুদ। প্রশ্ন: আইপিএল খেলে টি২০-র বর্তমান চ্যাম্পিয়ন ভারত এখন আরো শক্তিশালী দল। এই অবস্থায় বাংলাদেশের ভারতকে হারানোর আশা কতোটা যৌক্তিক? হাবিবুল বাশার: প্রথম কথা হচ্ছে, ভারতকে হারানোর আশা নিয়ে না নামলে খেলার কোনো মানে নেই। অবশ্য আইপিএল খেলার কারণেই হোক আর অন্য যে কারণেই হোক, এটাকে অসম প্রতিযোগিতা মনে হতে পারে। কিন্তু ক্রিকেটে অসম প্রতিযোগিতা বলে কিছু নেই। থাকলে ২০০৭ বিশ্বকাপে প্রথম ম্যাচেই আমরা ভারতকে হারিয়ে দিতাম না। আর টি২০-তে তো অসম প্রতিযোগিতা আরো নেই। ভারত টি২০-র বিশ্বচ্যাম্পিয়ন, তবে ওদের হারানো খুবই সম্ভব। খালেদ মাসুদ: এটা ঠিক, আইপিএল খেলার কারণে ভারত মানসিকভাবে অনেক গোছানো দল। একই সঙ্গে এটাও বলি, বাংলাদেশের মতো দলের জন্য টি২০ আদর্শ ফরম্যাট। ভেবে দেখুন, আন্তর্জাতিক ক্রিকেটে আমরা কী কারণে মার খাই? ধৈর্য্যরে অভাবের জন্য। যে বলটা ছাড়া দরকার, সেটা চালিয়ে দিয়ে হয়তো আমাদের ব্যাটসম্যানরা আউট হয়ে আসে। কিন্তু টি২০-তে এতো দরকার ধৈর্য্যরে নেই। কাজেই ভারতকে হারানোর বিষয়টা এখানে খুবই সম্ভব। তাছাড়া দেখবেন টি২০-তে বেশিরভাগই ক্লোজ ম্যাচ হয়। টেস্টে যেমন ইনিংস হার হয়, কিন্তু এখানে দেখবেন হারজিতের ব্যবধান খুব কম হয়। এটা খেলাটার ধরনের কারণেই। কাজেই ভারতকে হারানো খুবই সম্ভব। প্রশ্ন: ভারতকে হারাতে হলে কী কী করতে হবে বাংলাদেশকে? হাবিবুল বাশার: কয়েকটা প্রস্তুতি ম্যাচে আমাদের খেলোয়াড়দের মধ্যে যে মনোভাব দেখলাম, তাতে আমি এক কথায় মুগ্ধ। এটা ঠিক প্রস্তুতি ম্যাচে হয়তো চাপ একটু কম থাকে। আমি বলবো মূল ম্যাচেও যেন ওরা একই মনোভাব নিয়ে নামে। সেই সঙ্গে ভারতকে হারাতে পারি, এই বিশ্বাসটা মনে রাখতে হবে। আর কৌশলগত দিক থেকে বলবো, খুব বেশি কিছু করার দরকার নেই। সবকিছু সাদাসিধে হওয়াই ভালো। খালেদ মাসুদ: ব্যাটসম্যানরা ভালো করলে বাংলাদেশ জিতবে। আমাদের স্পিন অ্যাটাকটার কথা আলাদা করে বলতে চাই। ব্যাটসম্যানরা ভালো পুঁজি দিলে যারা ম্যাচ জিতিয়ে দিতে সক্ষম। তবে আটজন ব্যাটসম্যান নিয়ে নামাটা ঠিক হবে বলে মনে করি না। কারণ এটা টি২০, এখানে পরের দিকের ব্যাটসম্যানরা খুব বেশি বল খেলার সুযোগ পায় না। তাই একাদশে জেনুইন বোলারের সংখ্যা বাড়ানো উচিত। রান যা করার ওপরের দিকের ব্যাটসম্যানদেরই করে ফেলতে হবে। আমি ছয় ব্যাটসম্যান ও পাঁচ বোলার নিয়েই নামার পক্ষে। প্রশ্ন: ইংলিশ কন্ডিশনে টস জিতলে কী করা উচিত। আর না জিতলে বাংলাদেশের পরিকল্পনা কেমন হলে ভালো হয়? হাবিবুল বাশার: টিভিতে দেখে যা বুঝলাম, এখনকার ইংলিশ কন্ডিশন আমাদের উপযোগী। অবশ্য আকাশ মেঘলা হয়ে গেলে আমাদের সমস্যা। তবে এটা যদি না হয়, তাহলে আমি চাই টস জিতে আগে ব্যাটিং করুক বাংলাদেশ। সেক্ষেত্রে ১৬০/১৭০ রান করলে আমার মনে হয় জেতার খুব ভালো সুযোগ তৈরি হবে আমাদের। আর টস হেরে যদি রান চেজ করতে হয়, তাহলে ভারতকে একশো রানের মধ্যে আটকে দিতে পারলে খুব ভালো হয় (হাসি.....)। নাহ, দেড়শোর মধ্যে আটকে রাখলেই মনে হয় আমাদের ব্যাটসম্যানরা পারবে। খালেদ মাসুদ: কন্ডিশন বৈরী না হলে, মানে সকালে যদি মুভমেন্ট খুব বেশি থাকে, তাহলে টি২০-তে আগে ব্যাটিং করাই ভালো। আগে ব্যাটিং করলে ১৬০-র বেশি রানই মনে হয় লড়াই জমিয়ে তুলবে। আগেও বলেছি, আমাদের বোলিং অ্যাটাকটা খুব ভালো। রান চেজ করতে হলে ভারতকে ১৫০-এর মধ্যে আটকে রাখার সামর্থ্য ওদের আছে বলেই আমার বিশ্বাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১০৫ঘ.