লন্ডন, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ শুরুর ঠিক আগের রাতে একটা বোমা ফাটিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অপরাধে শেন ওয়ার্নকে দল থেকে বাদ দিয়েছিল তারা। অত বড় একটা ধাক্কা সামলেও কিন্তু সেবার শেষ হাসিটা হেসেছিল অস্ট্রেলিয়াই। এবারো কি তেমন কিছুই ঘটতে যাচ্ছে?
টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর শুরুর ঠিক আগের দিন, বৃহস্পতিবার তাড়াহুড়ো করে ডাকা এক সংবাদ সম্মেলনে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, শৃঙ্খলাভঙ্গের অপরাধে অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসকে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে তারা।
শুক্রবার টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় লর্ডসে আসরের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডসের। ১২ দলের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশও। পরদিন, শনিবার নিজেদের প্রথম ম্যাচে মোহাম্মদ আশরাফুলের দল মাঠে নামবে টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। নটিংহ্যামের ট্রেন্টব্রিজে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত এগারোটায়।
২০০৩ সালে এই ইংল্যান্ডেই শুরু হয়েছিল টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের আনুষ্ঠানিক যাত্রা। কাউন্টি দলগুলোকে নিয়ে আয়োজিত টি-টোয়েন্টি কাপ বিশ্বের অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। বিশেষ করে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে উপমহাদেশের দুই দল ভারত আর পাকিস্তানের সাফল্য অনেকটাই বদলে দিয়েছে সমীকরণ। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর তুলনায় কম অভিজ্ঞতা নিয়ে খেলতে নেমেও সেবার ফাইনালে খেলেছিল এই দুদেশ। নাটকীয় সেই ফাইনালে ভারতের জয়ের পর টোয়েন্টি-টোয়েন্টি জনপ্রিয় হয়ে ওঠে ক্রিকেটের আধুনিক তীর্থ ভারতে। আর তারপর আইসিএল-আইপিএল কাণ্ডে এখন তো ভারতই টোয়েন্টি-টোয়েন্টিরও তীর্থস্থান!
সেই আইসিএল-আইপিএলই আবার টি-টোয়েন্টিকে নিয়ে বিতর্কেরও জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, এটা যতোটা ক্রিকেট তারচেয়েও বেশি বাণিজ্য। সেই সত্যিটাকে মাথায় রেখেও কিন্তু টোয়েন্টি-টোয়েন্টির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। যুগের সাথে তাল মিলিয়ে ক্রিকেটের আধুনিকায়নের কথা মাথায় রেখে ক্রিস গেইলের মতো কেউ কেউ তো এই নতুন ফরম্যাটেই দেখছেন ক্রিকেটের ভবিষ্যত।
ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণের জন্য একেবারে আদর্শ খেলোয়াড় সাইমন্ডস। কব্জিতে অসুরের মতো শক্তি, ব্যাট হাতে যে কোনো বোলারের ঘুম হারাম করতে পারেন তিনি। সাথে কখনো মিডিয়াম পেস কখনো বা অফস্পিনে দারুণ কার্যকর বোলিং আর অসাধারণ ফিল্ডিং মিলে তার মতো একজন অলরাউন্ডার যে কোনো দলের জন্যই এক বিরাট সম্পদ। মদ খেয়ে অনুশীলনে না আসার মতো ছোট্ট (!) অপরাধ তো তার মুখের দিকে চেয়ে মাফ করে দেওয়াই যায়।
কিন্তু রিকি পন্টিংয়ের দল যে সেটা দিচ্ছে না, সেটা থেকেই অনুমান করা যায়- এই টুর্নামেন্টটাকে নিয়ে তারা কতোটা মনোযোগী। ক্রিকেটের এই একটি শিরোপাই কেবল অধরা রয়ে গেছে তাদের, সেই অপূর্ণতাই বা কেন রাখতে চাইবেন পন্টিংরা?
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৪১ ঘ.
bdnews24