২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হল্যান্ডকে ৬৪ রানে হারালো বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে না পারা মোহাম্মদ আশরাফুলের ব্যাট এবার ঠিকই ঝলসে উঠেছে। সেই সঙ্গে কিউইদের বিপক্ষে ইনিংস সর্বোচ্চ রান করা মাহমুদুল্লাহ রিয়াদ আবারো সফল। মাত্র ৩৪ বলে তিন বাউন্ডারি ও চার ছক্কায় ৫৪ রানের বিধ্বংসী ইনিংসই খেলেছেন এই অলরাউন্ডার। কোনো ছক্কা না হাঁকালেও অধিনায়ক আশরাফুলের ৪০ বলে ১১টি চার দিয়ে সাজানো ৬৯ রানের ইনিংসটিও কম মারমুখী ছিল না। দুয়েমিলে কেন্টারবুরিতে বৃহষ্পতিবার প্রস্তুতি ম্যাচে হল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৬ রানের পাহাড় গড়া বাংলাদেশ সহজ জয়ই পেয়েছে। ১৬.৩ ওভারে ডাচদের ১৪২ রানে গুটিয়ে দিয়ে ৬৪ রানের সহজ জয়ে বোলার রুবেল হোসেনের কথাও আলাদা করে বলতে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, ২৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে না পারা মোহাম্মদ আশরাফুলের ব্যাট এবার ঠিকই ঝলসে উঠেছে। সেই সঙ্গে কিউইদের বিপক্ষে ইনিংস সর্বোচ্চ রান করা মাহমুদুল্লাহ রিয়াদ আবারো সফল। মাত্র ৩৪ বলে তিন বাউন্ডারি ও চার ছক্কায় ৫৪ রানের বিধ্বংসী ইনিংসই খেলেছেন এই অলরাউন্ডার। কোনো ছক্কা না হাঁকালেও অধিনায়ক আশরাফুলের ৪০ বলে ১১টি চার দিয়ে সাজানো ৬৯ রানের ইনিংসটিও কম মারমুখী ছিল না। দুয়েমিলে কেন্টারবুরিতে বৃহষ্পতিবার প্রস্তুতি ম্যাচে হল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৬ রানের পাহাড় গড়া বাংলাদেশ সহজ জয়ই পেয়েছে। ১৬.৩ ওভারে ডাচদের ১৪২ রানে গুটিয়ে দিয়ে ৬৪ রানের সহজ জয়ে বোলার রুবেল হোসেনের কথাও আলাদা করে বলতে হয়। নিউজিল্যান্ড ম্যাচে একাদশে জায়গা হয়নি এই পেসারের। তবে এদিন সেন্ট লরেন্স মাঠে সৈয়দ রাসেলের জায়গায় সুযোগ পেয়েই তা কাজেও লাগিয়েছেন তিনি। চার চারটি উইকেট নিয়েছেন রুবেল। সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শিকার দু'জন ডাচ ব্যাটসম্যান। দুটো উইকেট নিয়েছেন এদিন ব্যাট হাতে তেমন কিছু করতে না পারা সাকিব আল হাসানও। আরেক বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক পেয়েছেন একটি। আর একটি হয়েছে রানআউট। কাঁধের সমস্যার কারণে এই ম্যাচে বিশ্রাম পাওয়া নাঈম ইসলামের জায়গায় সুযোগ পাওয়া শামসুর রহমান শুভ সরাসরি থ্রো'তে করেছেন রানআউটটি। এদিন টস জিতে হল্যান্ডের অধিনায়ক ব্যাট করতে পাঠান বাংলাদেশকে। কিন্তু দুই ওপেনার আবারো ব্যর্থ হয়েছেন। তামিম ইকবাল মাত্র ২ রান করে আউট হয়ে যান। নিজম্যানের বলে ফ্লিক করে মিডউইকেটে ক্যাচ হন তিনি। এরপর অষ্টম ওভারে বাঁ হাতি স্পিনার সিলার সাজঘরে পাঠান অন্য ওপেনার জুনায়েদ সিদ্দিকী (১৭) ও সাকিব আল হাসানকে (৪)। তবে আশরাফুল রানচাকা বেশ ভালোই সচল রেখেছিলেন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১০ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ৭৮। আক্রমণাত্মক ব্যাটিংয়ের ঝাঁঝটা ডাচরা আরো বেশি টের পেয়েছে শেষ ১০ ওভারে। কারণ এই সময় ১২৮ রান তুলেছে টাইগাররা। আশরাফুল ও রিয়াদের পাশাপাশি মোহাম্মদ মিথুনের জায়গায় একাদশে সুযোগ পাওয়া রকিবুল হাসানও স্বভাববিরুদ্ধ ব্যাটিংই করেছেন। মাত্র ১২ বলে তার অপরাজিত ২৭ রানের ইনিংসে একটি চারের চেয়েও বেশি উল্লেখযোগ্য তিনটি ছক্কার মার। আর উইকেটকিপার মুশফিকুর রহিমেরও তিন ছক্কায় ২৪ রান করতে লেগেছে মাত্র ৮ বল! তথ্যসূত্র: টাইগারক্রিকেট ডটকম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/২৪০০ঘ.