ঢাকা, ২১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শচীন টেন্ডুলকার, শোয়েব আখতার, ব্রেট লি, জেসন গিলেস্পি, মহেন্দ্র সিং ধোনি। বিশ্ব ক্রিকেটের উজ্জ্বল এই তারকাদের পাশে এখন থেকে দেখা যাবে বাংলাদেশের সাকিব আল হাসানকে। খেলার মাঠে নয় অবশ্য, বিজ্ঞাপনের বাজারে। ভারতীয় মোটর সাইকেল নির্মাতা প্রতিষ্ঠান টিভিএসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে টেন্ডুলকার-লিদের পাশে নাম লিখিয়েছেন ওয়ানডে র্যাংকিংয়ের বিশ্বসেরা অলরাউন্ডার।
শনিবার ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে টিভিএস বাজারজাতকারী প্রতিষ্ঠান টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড-এর সঙ্গে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করেছেন সাকিব। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ আহমেদ পরে সাংবাদিকদের জানিয়েছেন, ১৫ মে ২০০৯ তারিখ থেকে এক বছরের জন্য কার্যকর হবে এই চুক্তি।
বিনিময়ে সাকিব কি পাচ্ছেন, সেটা অবশ্য প্রকাশ করা হয়নি এই অনুষ্ঠানে। তবে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে এই এক বছরের জন্য ১০ লাখ টাকা পাচ্ছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৪১ ঘ.
bdnews24