ডারবান, ২০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব ভালো, যার শেষ ভালো। সেই শেষটা ভালোই হলো কলকাতা নাইট রাইডার্সের, কিন্তু তাতে সবটা ভালো হলো না মোটেই। বরং উল্টোটাই হলো, শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারিয়ে গতবারের চ্যাম্পিয়নদের সম্ভাবনারও কবর দিল তারা।
ডারবানের কিংসমিডে বুধবার বিকেলের এই ম্যাচে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠানোর পর তাদের ইনিংসটা মাত্র ১০১ রানে আটকে রাখার পরই জয়ের স্বপ্ন উঁকি দিচ্ছিল কলকাতা সমর্থকদের মনে। কিন্তু রাজস্থানের ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলা ওই রান তাড়া করতে গিয়ে আরেকটু হলেই পথভ্রষ্ট হয়েছিল নাইট রাইডার্সদের গাড়ি। দ্বাদশ ওভারে মাত্র ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল তারা। তবে সপ্তম উইকেটে ৮ ওভারে ৫৭ রানের হার না মানা জুটি গড়ে সেই অবস্থা থেকে তাদের উদ্ধার করেছেন লক্ষ্মিরতন শুক্লা ও অজিত আগারকার। তিন বল হাতে রেখেই এনে দিয়েছেন জয়।
৪৬ বলে দুটি ছক্কা আর তিনটি চারে সাজানো ৪৮ রানের ইনিংসটির জন্য ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন শুক্লা, আগারকার অপরাজিত ছিলেন ১৩ রানে।
এর আগে বল হাতেও দারুণ সফল ছিলেন আগারকার, চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন তিনি। তারচেয়ে আরেকটু এগিয়ে থেকে চার্ল ল্যাঙ্গেভেল্ট সমান রান খরচ করে নিয়েছেন তিন উইকেট। এই দুজনের বোলিংই আসলে গড়ে দিয়েছে কলকাতার স্বপ্নের ভিত।
শেষ ম্যাচে এই জয়ের পরও ৭ পয়েন্ট নিয়ে সর্বশেষ স্থানটাই পাচ্ছে কলকাতা। মানে তাদের তেমন কোনো লাভ হয়নি, তবে রাজস্থানের সর্বনাশ হয়েছে এই হারে। এই ম্যাচ জিতলে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকতো তারা, স্বপ্ন দেখতে পারতো সেমিফাইনালের। কিন্তু এখন ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানের ওপরে যাওয়ার আর কোনো সুযোগ রইলো না তাদের।
সংক্ষিপ্ত স্কোর
রাজস্থান রয়্যালস : ২০ ওভারে ১০১/৯ (ওঝা ২২, ওয়ার্ন ১৮, প্যাটেল ১৪, জাদেজা ১৪; ল্যাঙ্গেভেল্ট ৩/১৫, আগারকার ২/১৫, সরকার ১/১৫)
কলকাতা নাইট রাইডার্স : ১৯.৩ ওভারে ১০২/৬ (শুক্লা ৪৮*, আগারকার ১৩*; প্যাটেল ২/১৪, বোথা ২/১৯, সিং ১/১৯)
ফল : কলকাতা ৪ উইকেটে জয়ী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৪৯ ঘ.
bdnews24