জোহানেসবার্গ, ১৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় দিল্লী ডেয়ারডেভিলস নির্ভার। তাদের ঠিক বিপরীত অবস্থা ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সের। আইপিএলের শেষ চারে ওঠার জন্য শেষ দুই ম্যাচে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই ব্যাঙ্গালোরের সামনে। এমন চাপের মুখে দাঁড়িয়ে জ্যাক ক্যালিসের অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে দিল্লীকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে তারা।
দিল্লী অধিনায়ক বীরেন্দর শেবাগ (০) আবারো ব্যর্থ। তাকে এবং মিঠুন মানহাসকে ইনিংসের প্রথম ওভারেই ফিরিয়ে প্রতিপক্ষকে শুরুতেই ধাক্কা দেন প্রাভিন কুমার। তবে ওপেনিংয়ে শেবাগের সঙ্গী গৌতম গম্ভীর (২৭) এবং ধারাবাহিকতার মধ্যে থাকা দীনেশ কার্তিক (৩১) ও এবি ডি ভিলিয়ার্সের (২৮) দায়িত্বপূর্ণ ব্যাটিং বিপদে পড়তে দেয়নি ১ রানে ২ উইকেট হারিয়ে ফেলা দিল্লীকে। তারপরও ৭ উইকেটে ১৩৪ রানের মাঝারি সংগ্রহ গড়তে পেরেছে শেবাগের দল। ব্যাঙ্গালোরের পক্ষে ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন প্রাভিন কুমার । ২৪ রানের বিনিময়ে অধিনায়ক অনিল কুম্বলের শিকার ২ উইকেট। ১ উইকেট পেলেও ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়েছেন ক্যালিস।
বোলিংয়ের মতো ব্যাট হাতেও সফল দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। শুরুতে রবিন উথাপ্পাকে হারালেও ক্যালিস ও রাহুল দ্রাবিড়ের ৬৯ বলে ৭০ রানের জুটি জয়ের পথে এগিয়ে দিয়েছে ব্যাঙ্গালোরকে। দ্রাবিড় (৩৮) ফিরে আসার পর রস টেলরের ১২ বলে ২৫ রান সব আশা শেষ করে দিয়েছে দিল্লীর। তবে কুম্বলের দলের জয়ের নায়ক ক্যালিস। ৫৬ বলে ৫৮ রানে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছেই মাঠ থেকে ফিরেছেন তিনি। অলরাউন্ড নৈপুণ্যের কারণে ক্যালিসই ম্যান অব দ্য ম্যাচ।
এই জয়ের সুবাদে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করা ব্যাঙ্গালোরের অবস্থান আপাতত চতুর্থ। ডেকান চার্জার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের পয়েন্টও তা-ই। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেন্নাই সুপার কিংস। হেরে গেলেও শীর্ষস্থান ধরে রেখেছে প্রথম দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করা দিল্লী। তাদের পয়েন্ট ১৮। সব দলেরই একটি করে খেলা বাকি।
সংক্ষিপ্ত স্কোর :
দিল্লী ডেয়ারডেভিলস : ২০ ওভারে ১৩৪/৭ (কার্তিক ৩১, ডি ভিলিয়ার্স ২৮, গম্ভীর ২৭; প্রাভিন ৩/৩০, কুম্বলে ২/২৪, ক্যালিস ১/১৭)
ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স : ১৯ ওভারে ১৩৫/৩ (ক্যালিস ৫৮*, দ্রাবিড় ৩৮, টেলর ২৫; নাগার ২/২০)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩০৩ঘ.
bdnews24