লন্ডন, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে বিশাল এক দুঃসংবাদের আশঙ্কায় জর্জরিত ইংল্যান্ড। আগামী ৫ জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অ্যান্ড্রু ফ্লিনটফকে না-ও পেতে পারে স্বাগতিকরা। ইংলিশদের সেরা অলরাউন্ডারই স্বয়ং এই আশঙ্কার কথা জানিয়েছেন শনিবার।
আইপিএলে খেলতে গিয়ে হাঁটুতে চোট পাওয়ায় কিছু দিন আগে অস্ত্রোপচার করাতে হয়েছে ফ্লিনটফকে। অস্ত্রোপচারের ধকল ভালোমতো সামলে উঠলেও আগামী তিন সপ্তাহের মধ্যে তাকে ফিটনেসের প্রমাণ দিতে হবে। তবে সেই প্রমাণ তিনি দিতে পারবেন কি না তা নিয়ে এই মুহূর্তে ভীষণ সন্দিহান ইংলিশদের প্রিয় 'ফ্রেডি', "টোয়েন্টি টোয়েন্টিতে খেলতে আমি দারুণ পছন্দ করি। কিন্তু (বিশ্বকাপে) খেলাটা বেশ কঠিন হতে পারে।"
অবশ্য বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ফ্লিনটফ বেশ সন্তুষ্টই। তার আশা টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারলেও আগামী জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে মাঠে নামতে পারবেন, "দুই সপ্তাহ আগে আমার অস্ত্রোপচার হয়েছে। ক্রাচ ছাড়া এখন হাঁটতেও পারছি। অ্যাশেজ এখনো বেশ কিছুটা দূরে, আর আমি তার আগে ঠিক হয়ে যাবই।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭১৫ঘ.
bdnews24