ডারবান, ১৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবার ব্যাঙ্গালোরের জয়ের নায়ক রস টেলর। আগের ম্যাচে তার ৩৩ বলে অপরাজিত ৮১ রান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নাটকীয় জয় এনে দিয়েছিল ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সকে। বৃহস্পতিবার আইপিএলে অতটা বিধ্বংসী হয়ে উঠতে না পারলেও টেলরের ৫০ বলে দায়িত্বপূর্ণ ৪৬ রানের সুবাদেই ব্যাঙ্গালোর ২ উইকেটে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংসকে।
ডারবানের কিংসমিডে টস জিতে ব্যাট করতে নামা চেন্নাইয়ের ইনিংসে জ্বলে উঠতে পেরেছেন শুধু একজনই --- ম্যাথু হেইডেন। এবারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ সংগ্রাহকের (৪৮৬ রান) ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ৬০ রানের এক ঝড়ো ইনিংস। কিন্তু তিনি ছাড়া আর কেউ সুবিধা করে উঠতে পারেননি বলে ১৯.৪ ওভারে ১২৯ রানেই অলআউট হয়ে গেছে গতবারের রানার্সআপরা।
জবাবে ৩০ রানের মধ্যে রবিন উথাপ্পা, জ্যাক ক্যালিস আর রাহুল দ্রাবিড়কে হারিয়ে বেশ বিপদেই পড়ে যায় ব্যাঙ্গালোর। সেই বিপদ থেকে তাদের উদ্ধার করেছে টেলর আর বিরাট কোহলির ৫৬ রানের জুটি। কোহলি (৩৮) এবং শেষ ওভারে টেলর আউট হয়ে গেলেও প্রাভিন কুমারের অপরাজিত ১২ রান ২ বল আগেই জয় এনে দিয়েছে ব্যাঙ্গালোরকে। যে জয়ের সুবাদে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। হেরে গেলেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে চেন্নাই। ১১ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট।
সংক্ষিপ্ত স্কোর :
চেন্নাই সুপার কিংস : ১৯.৪ ওভারে ১২৯ (হেইডেন ৬০, ধোনি ১৮; কুম্বলে ২/১২, ক্যালিস ২/১৮, বিনয় কুমার ২/৩০)
ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স : ১৯.৪ ওভারে ১৩২/৮ (টেলর ৪৬, কোহলি ৩৮, প্রাভিন কুমার ১২*; ওরাম ২/১২, মরকেল ২/১৩)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০০ঘ.
bdnews24