সেঞ্চুরিয়ন, ১৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শচীন টেন্ডুলকার আর ডোয়াইন ব্রাভোর দায়িত্বশীল ব্যাটিং আইপিএলে সহজ জয় এনে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। মঙ্গলবার কিংস ইলেভেন পাঞ্জাবকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে তারা।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া পাঞ্জাবকে ৯ উইকেটে ১১৯ রানে আটকে দেয়ার পেছনে বড় ভূমিকা মুম্বাইয়ের দুই অফস্পিনার হরভজন সিং আর জেপি ডুমিনির। ৪ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে ডুমিনির শিকার ২ উইকেট। অন্যদিকে হরভজন ১ উইকেট পেলেও ৪ ওভারে মাত্র ৯ রান দিয়েছেন। এই দুজনের জন্যই সানি সোহালের ২৩ বলে ৪৩ রানের পরও মুম্বাইকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি পাঞ্জাব।
জবাব দিতে নেমে শুরুতে সনাৎ জয়াসুরিয়াকে (৪) হারালেও টেন্ডুলকার আর ব্রাভোর দুর্দান্ত ব্যাটিং মুম্বাইকে পথভ্রষ্ট হতে দেয়নি। ৫৯ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৭০ রান করে অপরাজিত ছিলেন ব্রাভো। অন্যপ্রান্তে 'লিটল জিনিয়াস'-এর ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কাসমৃদ্ধ অপরাজিত ৪১ রান। তৃতীয় উইকেট জুটিতে টেন্ডুলকার-ব্রাভোর অবিচ্ছিন্ন ৮২ রানের জন্যই ২২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে গেছে মুম্বাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫২০ঘ.
bdnews24