আবুধাবি, ২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। অধিনায়ক মাইকেল ক্লার্কের সেঞ্চুরি আর ডুগ বোলিঙ্গারের পাঁচ উইকেট শিকারে পাঁচ ম্যাচের এই সিরিজের চতুর্থ ম্যাচে শুক্রবার পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের ইনিংসটা আট বল বাকি থাকতেই ১৯৭ রানে গুটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ানরা। তাতে সবচেয়ে বড় অবদান নতুন বল হাতে পাওয়া বোলিঙ্গারের। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই এই ফাস্ট বোলার ৭.৪ ওভারে ৩৫ রান দিয়ে তুলে নিয়েছেন পাঁচ উইকেট। সঙ্গে ন্যাথান ব্র্যাকেন (২/৩১), ন্যাথান হরিজ (১/৩৪), স্টুয়ার্ট ক্লার্ক (১/৩৯) ও মাইকেল ক্লার্কদের (১/২১) দারুণ বোলিংয়ের সামনে পাকিস্তানের হয়ে বুক চিতিয়ে লড়েছেন কেবল শহিদ আফ্রিদি। ৪০ বলে ৪০ রান করেছেন তিনি। এছাড়া সর্বোচ্চ ৪৩ রান করেছেন ওপেনার আহমেদ শেহজাদ, কিন্তু সে জন্য ৮১ বল খরচ করেছেন তিনি।
জবাব দিতে নামা অস্ট্রেলিয়ানদের শুরুতেই চমকে দিয়েছিলেন শোয়েব আখতার। ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার ব্র্যাড হ্যাডিনকে (০) উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করার পর নিজের দ্বিতীয় ওভারে মাইকেল নর্থকেও (১) ফিরিয়ে দিয়েছেন এই ফাস্ট বোলার। কিন্তু অনেকদিন পর শোয়েবের স্বরূপে ফেরার আনন্দ মুছে দিয়েছেন ক্লার্ক। ৩ রানে দুই উইকেট হারানোর পর ওপেনার শেন ওয়াটসনকে (অপরাজিত ৮৫) নিয়ে তৃতীয় উইকেটে ১৯৭ রানের জুটি গড়ে ৩৪ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরিটি পুরণ করেছেন তিনি শোয়েবকেই দারুণ একটা কভার ড্রাইভে বাউন্ডারি মেরে। শেষ পর্যন্ত ঠিক ১০০ রান করে অপরাজিত ছিলেন তিনি, তার ১২২ বলের ইনিংসটি সাজানো ছিল ১৪টি বাউন্ডারিতে। আর ওয়াটসনের ১৪০ বলের ইনিংসে ছিল সাতটি বাউন্ডারির সঙ্গে ইনিংসের একমাত্র ছক্কাটি।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ৪৮.৪ ওভারে ১৯৭ ( শেহজাদ ৪৩, আফ্রিদি ৪০, মিসবাহ ৩৪, শোয়েব মালিক ২৭, আরাফাত ২৩*; বোলিঙ্গার ৫/৩৫, ব্র্যাকেন ২/৩১)
অস্ট্রেলিয়া : ৪৪.২ ওভারে ২০০/২ (মাইকেল ক্লার্ক ১০০*, ওয়াটসন ৮৫*; শোয়েব ২/৪২)
ফল : অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪২৫ ঘ.
bdnews24