মুম্বাই, ২৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএলে খেলা ক্রিকেটারদের জন্য 'সাধারণ ক্ষমা' ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। তবে সেটা নিঃশর্ত নয়, এ জন্য আগামী ৩১ মে'র মধ্যে আইসিএলের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে ফেলতে হবে তাদের।
বুধবার বিসিসিআইর এক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুসারে, ৩১ মে'র মধ্যে 'অননুমোদিত' ক্রিকেট লিগের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেললে ১ জুন থেকেই 'অনুমোদিত' ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন যে কেউ। ওই দিন থেকেই কার্যকর হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর অনুমোদিত ক্রিকেট বিষয়ক নতুন নীতিমালা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য ওই নীতিমালা অনুযায়ীই আরো এক বছর অপেক্ষা করতে হবে তাদের। সভাশেষে বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর নিজেই সাংবাদিকদের জানিয়েছেন এই খবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১০৫ ঘ.
bdnews24