ডারবান, ২৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে ছয় লাখ ডলারে কেনা মাশরাফি বিন মর্তুজাকে উপেক্ষা করেই চলেছেন কলকাতা নাইট রাইডার্সের কোচ জন বুকানন, আর তার দলটাও যেন ক্রমশই পরিণত হচ্ছে এক হাস্যকর দলে। বুধবার ডারবানের কিংসমিডে আরো একটা ম্যাচ হেরেছে তারা। গতবার এই টুর্নামেন্টে সর্বশেষ স্থান পাওয়া বেঙ্গালুরুর রয়্যাল চ্যালেঞ্জার্সের কাছে ৫ উইকেটে হেরে এবার কেকেআরই নেমে গেছে পয়েন্ট তালিকার তলানিতে।
টস জিতে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে তুলেছিল ৬ উইকেটে ১৩৯ রানের সাদামাটা সংগ্রহ। অনেক নাটকের পর এক বল বাকি থাকতেই সেই স্কোর টপকে গেছে চ্যালেঞ্জার্সরা।
অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে খানিকটা নির্ভার করতে এই ম্যাচে বাড়তি একজন উইকেটকিপার নিয়ে নেমেছিল কেকেআর। সেই সূত্রে ম্যাককালাম, ক্রিস গেইল আর ব্র্যাড হজের সঙ্গে চতুর্থ বিদেশী হিসেবে সুযোগ পেয়ে গেছেন মরনে ফন উইক, কিন্তু মাশরাফি রয়ে গেছেন দর্শক। দলের পক্ষে সর্বোচ্চ স্কোরই (অপরাজিত ৪৩ রান, ৩৫ বলে) করেছেন ফন উইক, কিন্তু অধিনায়ক ম্যাককালামের তাতে কোনো লাভ হয়নি। আবারো ম্যাচের প্রথম বলেই আউট হয়ে গেছেন তিনি। পাঁচ ম্যাচে মোট ২৬ রান করে বুকাননের আস্থার প্রতি যেন বুড়ো আঙুলই দেখিয়ে যাচ্ছেন এই নিউজিল্যান্ডার। ফন উইক আর ক্রিস গেইলের (৪০) দুটি মাঝারি মানের ইনিংস কেকেআরকে এনে দিয়েছে 'মাঝারি' স্কোর।
জবাব দিতে নেমে বেঙ্গালুরুর সূচনাটা একেবারে খারাপ হয়নি, জ্যাক ক্যালিস (২৩) আর শ্রীভাতস গোস্বামী (৪৩) প্রথম উইকেটেই তুলে নিয়েছেন ৬৯ রান। কিন্তু সে জন্য ১১ ওভার খরচ করে ফেলে তারা একটা চাপও তৈরি করেছেন। শেষ দিকে মার্ক বাউচারের ১৩ বলে অপরাজিত ২৫ রান সেই চাপ থেকে বের করে এনেছে চ্যালেঞ্জার্সদের।
ছয় ম্যাচে কলকাতার এটি চতুর্থ হার, আর বেঙ্গালুুরুর দ্বিতীয় জয়।
সংক্ষিপ্ত স্কোর
কলকাতা : ২০ ওভারে ১৩৯/৬ (ফন উইক ৪৩*, গেইল ৪০, সাহা ২১, হজ ১৭; কুম্বলে ২/১৬)
বেঙ্গালুরু : ১৯.৫ ওভারে ১৪৩/৫ (গোস্বামী ৪৩, বাউচার ২৫*, ক্যালিস ২৩, কোহলি ১৯; হজ ৩/২৯, শর্মা ২/১৫)
ফল : বেঙ্গালুরু ৫ উইকেটে জয়ী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৫২ ঘ.
bdnews24