২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থামানো যাচ্ছে না ডেকান চার্জার্সকে

হার্শেল গিবস আর অ্যাডাম গিলক্রিস্টের ঝড়ো ব্যাটিং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে টানা চতুর্থ জয় এনে দিয়েছে ডেকান চার্জার্সকে। সোমবার ডারবানের কিংসমিডে দিনের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে অনায়াসে ৬ উইকেটে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ডারবান, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হার্শেল গিবস আর অ্যাডাম গিলক্রিস্টের ঝড়ো ব্যাটিং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে টানা চতুর্থ জয় এনে দিয়েছে ডেকান চার্জার্সকে। সোমবার ডারবানের কিংসমিডে দিনের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে অনায়াসে ৬ উইকেটে হারিয়েছে তারা। গতবার সেমিফাইনালে উঠতে না পারা হায়দ্রাবাদের দলটিই কেবল এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত ধরে রেখেছে শতভাগ সাফল্যের রেকর্ড। অন্যদিকে গতবারের রানার্সআপরা পাঁচ ম্যাচের তিনটিতেই হারলো এ নিয়ে। টস জিতে ডেকানের অধিনায়ক গিলক্রিস্ট ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন চেন্নাইকে। অস্ট্রেলিয়ান দলে তার সাবেক সতীর্থ ম্যাথু হেইডেন আর নিউজিল্যান্ডের জ্যাকব ওরামের ঝড়ো ব্যাটিংয়ে এবারের আইপিএলের বিচারে বড় স্কোরই গড়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। ২০ ওভারে তারা তুলেছিল ৬ উইকেটে ১৬৫ রান। মাত্র ৩৫ বলে ৪৯ রান করেছেন হেইডেন, কোনো ছক্কা না মারলেও বলকে আটবার সীমানা পার করিয়েছেন এই বাঁহাতি। আর ওরামের ২৯ বলে ৪১ রানের হার না মানা ইনিংসে ছিল দুটি ছক্কা ও চারটি বাউন্ডারি। ১৯ বলে ২৫ রান করে সুরেশ রায়না আর বলের সঙ্গে পাল্লা দিয়ে ২২ রান করে ধোনিও অবদান রেখেছেন চেন্নাইর পক্ষে। গিলক্রিস্টরা ব্যাট করতে নামার আগে স্কোরটাকে যথেষ্ট বড় বলেই মনে হলেও পরে আর সেটা মনে হয়নি কখনো। প্রথম উইকেটে মাত্র ৫.৪ ওভারে ৬৭ রানের জুটি গড়েছেন গিলক্রিস্ট আর গিবস, তাতে অধিনায়কের অবদানটাই বড়। মাত্র ১৯ বলে তিনটি ছক্কা ও পাঁচটি চারে ৪৪ রান করে তিনি আউট হয়ে যাওয়ার পর রোহিত শর্মা (১৮), ডোয়াইন স্মিথ (১২) আজহার বিলাখিয়াদের (অপরাজিত ১২) সঙ্গে নিয়ে চার্জার্সদের বাকি পথটুকু নিরাপদে পার করে নিয়ে গেছেন গিবস। তিন বল বাকি থাকতে যখন নিশ্চিত হয়েছে দলের জয়, তখন ৬৯ রানে অপরাজিত ছিলেন এই দক্ষিণ আফ্রিকান। ৫৬ বলের ইনিংসে ছটি বাউন্ডারি আর দুটি ছক্কা মেরেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৩৪ ঘ.