২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ব্যাঙ্গালোরকে লজ্জা দিল চেন্নাই

প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসকে লজ্জা দিয়েছিল ব্যাঙ্গালোরের রয়্যাল চ্যালেঞ্জার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর দ্বিতীয় আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচেই আবার চ্যালেঞ্জার্সদেরই ডুবতে হলো লজ্জায়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে হেরে যাওয়া চেন্নাই সুপার কিংস সোমবার তাদের হারিয়েছে ৯২ রানের বিশাল ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 09:24 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

পোর্ট এলিজাবেথ, ২০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসকে লজ্জা দিয়েছিল ব্যাঙ্গালোরের রয়্যাল চ্যালেঞ্জার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর দ্বিতীয় আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচেই আবার চ্যালেঞ্জার্সদেরই ডুবতে হলো লজ্জায়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে হেরে যাওয়া চেন্নাই সুপার কিংস সোমবার তাদের হারিয়েছে ৯২ রানের বিশাল ব্যবধানে। টস জিতে ব্যাট করতে নেমে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে গড়েছিল এ পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বড় সংগ্রহ, ৫ উইকেটে ১৭৯ রান। জবাব দিতে নেমে ১৫.২ ওভারে মাত্র ৮৭ রানেই শেষ হয়ে গেছে ব্যাঙ্গালোরের ইনিংস। গতবারের রানার্সআপদের প্রথম ম্যাচের ধাক্কা কাটিয়ে উঠতে সবচেয়ে বড় অবদান রেখেছেন দুই বিদেশি তারকা- অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন আর শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। ব্যাট হাতে হেইডেনের মাত্র ৩৫ বলে ৬৫ রানের খুনে ইনিংস বড় সংগ্রহের পথে নিয়ে গেছে মহেন্দ্র সিং ধোনির দলকে। নয়টি বাউন্ডারি আর দুটি ছক্কায় সাজানো এই ইনিংস খেলার পথে পার্থিব প্যাটেলকে (৩০) সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতেই ১০৬ রান তুলে নিয়েছেন এই বাঁহাতি। দুরন্ত এই সূচনার পর আর ফিরে তাকাতে হয়নি চেন্নাইকে। সুরেশ রায়না (২৮), অ্যান্ড্রু ফ্লিন্টফ (২২) আর ধোনিরাও (১৬) কিছুটা অবদান রেখে তাদের নিয়ে গেছেন রানপাহাড়ে। তারপর জবাব দিতে নামা ব্যাঙ্গালোরের ব্যাটসম্যানদের স্বস্তি দেননি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটশিকারী মুরালিধরন। চার ওভারে মাত্র ১১ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন তিনি। শূন্য রানেই প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে জ্যাক ক্যালিস (২৪) আর রবিন উথাপ্পার (২০) ৪০ রানের জুটি কিছুক্ষণের জন্য আশা জাগিয়েছিল, কিন্তু এরপর এক রাহুল দ্রাবিড় (২০) ছাড়া আর কেউই লড়াই করতে পারেননি। সংক্ষিপ্ত স্কোর চেন্নাই সুপার কিংস : ২০ ওভারে ১৭৯/৫ (হেইডেন ৬৫, প্যাটেল ৩০, রায়না ২৮, ফ্লিন্টফ ২২, ধোনি ১৬; কুমার ২/৩৭) ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স : ১৫.২ ওভারে ৮৭/১০ (ক্যালিস ২৪, উথাপ্পা ২০, দ্রাবিড় ২০; মুরালিধরন ৩/১১, বালাজি ২/১৮) ফল : চেন্নাই ৯২ রানে জয়ী