২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদন পেল না আইসিএল

প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর শুরুর দিনে একটা দুঃসংবাদ পেয়েছে ইন্ডিয়ান ক্রিকেট লিগ আইসিএল। অনুমোদন চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র কাছে ভারতের এই বিদ্রোহী টুর্নামেন্ট আয়োজকদের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এদিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2009, 04:15 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

দুবাই, ১৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর শুরুর দিনে একটা দুঃসংবাদ পেয়েছে ইন্ডিয়ান ক্রিকেট লিগ আইসিএল। অনুমোদন চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র কাছে ভারতের এই বিদ্রোহী টুর্নামেন্ট আয়োজকদের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এদিন। শনিবার দুবাইতে আইসিসির দুদিনব্যাপী বোর্ডসভা শেষ হওয়ার পর আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লোরগাত সাংবাদিকদের জানিয়েছেন, "বোর্ড মনে করেছে এই অনুমোদন দেওয়া ঠিক হবে না।" পরে আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে এর কারণ ব্যাখ্যা করেছে ক্রিকেটের বিশ্ব সংস্থা। তাতে বলা হয়েছে, আইসিসি চারটি বিষয় বিবেচনা করে দেখেছে এই প্রস্তাব পর্যালোচনা করতে গিয়ে। সেগুলো হলো, ১. এই টুর্নামেন্টটি আইসিসির কোনো সদস্য দেশে হচ্ছে কি না, হলে সেই দেশের বোর্ডের তাতে অনুমোদন আছে কি না ২. টুর্নামেন্টের ভেন্যুগুলোর উপযুক্ততা ও নিরাপত্তা ব্যবস্থা ৩. ক্রিকেটের উন্নয়নে বা কোনো দাতব্য উদ্যোগের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না এবং ৪. আইসিসির কোনো আয়োজনের সঙ্গে এর কোনো সাংঘর্ষিক অবস্থান আছে কি না বা তা হওয়ার সম্ভাবনা আছে কি না। আইসিএল ফেরত খেলোয়াড়দের নিষেধাজ্ঞার ব্যাপারে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডকেই সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিয়েছে আইসিসি, তবে আইসিসির বোর্ড মন্তব্য করেছে খেলোয়াড়দের কাছে এমন একটা বার্তা পৌঁছানো উচিত যে তারা নিজেদের ইচ্ছেমতো অনুমোদিত ও অননুমোদিত ক্রিকেট টুর্নামেন্টে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৩৬ ঘ.