করাচি, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বছর খানিক আগে সাফল্যের সঙ্গে অলিম্পিক আয়োজনের অভিজ্ঞতা হয়েছে তাদের, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে চীন এখনো এক অচেনা জগত। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক আর পিসিবির ডিরেক্টর জেনারেল জাভেদ মিয়াদাঁদ মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের যোগ্যতা আছে চীনের।
চীনা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়ে চীনের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, এ ব্যাপারে প্রস্তুতি নিতে, যেন প্রয়োজন হলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে পাকিস্তানের 'হোমসিরিজ'গুলোও আয়োজন করতে পারে তারা।
"আমি ওদের বলেছি, খুব সহজেই দ্রুত একটা আন্তর্জাতিক ভেন্যু গড়ে তোলা সম্ভব। সেটা হলে তারা অনেক দল অংশ নেয় এমন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে পারবে, আর প্রয়োজন হলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে পাকিস্তানের ম্যাচও আয়োজন করতে পারবে"- বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন মিয়াদাঁদ।
নিরাপত্তা পরিস্থিতির কারণে ইদানিং আর কোনো দলই পাকিস্তান সফরে যেতে না চাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক রকম নির্বাসিতই হয়ে পড়েছে পাকিস্তান। ১২৪টি টেস্ট খেলা এই সাবেক অধিনায়ক মনে করেন, এই পরিস্থিতিতে চীন সাহায্য করতে পারে পাকিস্তানকে, "নিরাপত্তা নিয়ে আপত্তির কারণে আমরা যদি বিদেশী দলগুলোকে আমাদের দেশে সফরে আসতে রাজি করাতে না পারি, তাহলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে চীন একটা ভালো বিকল্প হতে পারে। কারণ আমাদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক রয়েছে।"
এ মাসেই এ রকম একটা সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার সঙ্গে এই সিরিজটা হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আর দুবাইতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৩৯ ঘ.
bdnews24