ব্রিজটাউন, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম ইনিংসে ৬০০ রান তোলার পরও হারের শঙ্কা! টেস্ট ইতিহাসে এমন ঘটনা আর না ঘটলেও ব্রিজটাউন টেস্টের শেষ দিনে তেমন একটা ভয় নিয়েই মাঠে নামতে হবে ইংল্যান্ডকে। চতুর্থ দিনে রামনরেশ সারওয়ান আর দিনেশ রামদিনের ২৬১ রানের দারুণ এক জুটিতে ভর করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে টেস্ট ইতিহাসের নবম সর্বোচ্চ স্কোর ৯ উইকেটে ৭৪৯ রান তুলে। ১৪৯ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ড দিনশেষে দ্বিতীয় ইনিংসে তুলেছে বিনা উইকেটে ৬ রান, তবে প্রথম টেস্টে শেষ দিনে ৫১ রানে অলআউট হওয়ার স্মৃতি ভয় ধরিয়ে দিচ্ছে তাদের।
মাত্র ৯ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি মিস করা সারওয়ান তার ৪৫২ বলে ২৯১ রানের ইনিংসে কোনো সুযোগই দেননি ইংল্যান্ডের বোলারদের। প্রায় সারা দিন ইংল্যান্ডের বোলারদের হতাশায় পুড়িয়েছেন উইকেট কিপার রামদিনও। ক্যারিয়ার সেরা ১৬৬ রান করে তিনি আউট হয়েছেন ইংল্যান্ডের পক্ষে পাঁচ উইকেট পাওয়া লেগ স্পিনার গ্রায়েম সোয়ানকে। তবে এই পাঁচ উইকেটের জন্য সোয়ানকে যথেষ্ট মূল্য দিতে হয়েছে
bdnews24