কলম্বো, ১৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পায়ে গুলি খেয়েও তিনি দমে যাননি। লাহোরে সন্ত্রাসবাদীদের জঘন্য হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া থিলান সামারাবীরার এখনো ক্রিকেটের প্রতি ভালবাসা অটুট। খুব শিগগিরি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারেও তিনি আত্মবিশ্বাসী। শুধু তাই নয়, আবার পাকিস্তান সফরে যেতেও তার আপত্তি নেই!
গত ৩ মার্চ শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসবাদীদের হামলার সময় পায়ে গুলি লেগেছিল সামারাবীরার। দেশে ফেরার পর দীর্ঘ আড়াই ঘন্টা অস্ত্রোপচার করে সেই গুলি অপসারণ করা হয়েছে। লাহোরের ঐ ভয়ঙ্কর ঘটনার ঠিক দুই সপ্তাহ পর মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটসম্যান। তার পরদিন ফিজিওথেরাপির জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অফিসেও গেছেন। সেখানেই ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে এক দীর্ঘ সাক্ষাতকারে তিনি তুলে ধরেছেন খেলাটার প্রতি তার গভীর ভালবাসার কথা।
প্রথমেই সামারাবীরার কাছে প্রশ্ন ছিল এই হামলার পর ক্রিকেটের প্রতি তার মনোভাব বদলে যাবে কি না সে বিষয়ে। প্রশ্নটার উত্তরে সজোরে মাথা নেড়ে তিনি বললেন, "না, আমি তা মনে করি না। ক্রিকেট আমার কাছে এক নম্বর অগ্রাধিকার। আবারো দেশের প্রতিনিধিত্ব করার জন্য আমাকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হতে হবে। আমি দুই বছর দলে ছিলাম না। কিন্তু দুর্দান্তভাবেই ফিরে এসেছি। এবং এই ঘটনার পরও কাজটা আবার আমি করবোই। এ ব্যাপারে গত দুই সপ্তাহ চিন্তা-ভাবনা করেছি। আর আজ আমি সিদ্ধান্ত নিয়েছি অতীত নিয়ে মাথা ঘামাবো না এবং ইতিবাচক হওয়ার চেষ্টা করবো।"
সেদিনের ভয়াবহ হামলার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে টানা দুটো ডাবল সেঞ্চুরি করা সামারাবীরা, "ব্যথা পেয়ে সাঙ্গাকারার ঠিক সামনে (বাসের) মেঝেতে শুয়ে পড়েছিলাম। সঙ্গে সঙ্গেই মাথায় ব্যথা পাওয়া এড়াতে মাথাটা সিটের নিচে ঢুকিয়ে দিয়েছিলাম। আমার পা থেকে তখন রক্ত ঝরছিল। কিন্তু বেঁচে থাকার তাগিদ খুব বেশি ভয় পাওয়া থেকে রক্ষা করেছে আমাকে। বাস যখন থামলো তখন (চামারা) কাপুগেদারাকে বললাম, 'আমি হাঁটতে পারছি না। প্লিজ, আমাকে ড্রেসিং রুমে নিয়ে চলো।' ভেবেছিলাম আমার ক্যারিয়ারই বোধহয় শেষ। কিন্তু আমার এক্স-রে এবং স্ক্যান রিপোর্ট যিনি দেখেছিলেন সেই অধ্যাপক এসে বললেন, 'তুমি খুব ভাগ্যবান। ভয় পেও না। তুমি আবার খেলতে পারবে।' গুলিটা হাড় কিংবা হাঁটুতে লাগেনি, লেগেছিল মাংসপেশিতে।"
ঐ ঘটনার ৬ ঘন্টা পর স্ত্রীর সঙ্গে প্রথম কথা বলেছিলেন সামারাবীরা। এতক্ষণ স্ত্রীকে উৎকণ্ঠায় রাখার কারণটাও বললেন তিনি, "আমি সেই সময় তার সঙ্গে কথা বলতে চাইনি। কারণ জানতাম সে ভয় পাবেই। আমি তার ভাইয়ের সঙ্গে কথা বলে জানালাম যে ইনজুরি তেমন মারাত্মক নয়। অবশেষে যখন আমার স্ত্রীর সঙ্গে কথা বললাম তখন সে বিশ্বাসই করতে চাইছিল না যে আমি ঠিক আছি। কারণ টিভি চ্যানেলগুলোতে বলা হচ্ছিল আমি মাথায় আর বুকে গুলি খেয়েছি। কলম্বো বিমানবন্দরে আমাকে দেখার পরই সে খুশি হলো, তার উদ্বেগ শেষ হলো। যদিও ঐ ধাক্কা এখনো সে সামলে উঠতে পারেনি।" আর পারেননি বলেই তার স্ত্রীকে মনোবিদের শরনাপন্ন হতে হয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ার পর সামারাবীরাকেও যেতে হবে মনোবিদের কাছে।
সন্ত্রাসীদের গুলিটা পায়ে না লেগে মাথায় লাগলেই মারা যেতে পারতেন। ক্রিকেটের 'জীবন' নয়, আক্ষরিক অর্থেই নতুন জীবন ফিরে পেয়েছেন তিনি। কিন্তু যে দেশে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন সেই পাকিস্তানে ভবিষ্যতে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সামারাবীরা। এ সম্পর্কে তার দৃঢ়তা ভরা মন্তব্য, "সেখানে (পাকিস্তানে) আর কখনো যাব না এ কথা আমি বলতে পারি না। সব কিছুই নির্ভর করছে সেখানকার পরিস্থিতি কেমন থাকে তার ওপরে। পাকিস্তানের মানুষ ক্রিকেটের জন্য পাগল। এটা আসলে পুরোপুরি নিরাপত্তাজনিত বিষয়। আমরা কখনোই ভাবিনি যে খেলোয়াড়রাও হামলার শিকার হতে পারে। ১৯৭২এর মিউনিখ অলিম্পিকের পর এই প্রথম এমন ঘটনা ঘটলো। আমি কোনো নিরাপত্তা বিশেষজ্ঞ নই। এবং লাহোরে নিরাপত্তার অবস্থা নিয়ে কিছু বলতেও পারছি না। আসলে সারা পৃথিবীরই নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা দরকার। (লাহোরের) এই ঘটনা আমাদের সবার চোখও খুলে দিয়েছে।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯০০ঘ.
bdnews24