ঢাকা, ১৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এই ম্যাচ জিতলেই যেখানে সুপার লিগ নিশ্চিত হয়ে যায়, সেখানে বিকেএসপির বিপক্ষে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের রীতিমতো ভরাডুবিই হয়েছে। বিকেএসপির মাঠে তারা ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় এখন সুপার লিগ নিশ্চিত করতে হলে ১৭ মার্চ মোহামেডানের বিপক্ষে জিততেই হবে। তবে নারায়ণগঞ্জের ফতুল্লায় জাহিদ নিয়াজের সেঞ্চুরিতে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ৪ উইকেটে হারিয়ে সুপার লিগ নিশ্চিত হয়ে গেছে বিমানের। ১০ ম্যাচের আটটিতে জেতা বিমান ১৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে থাকা আবাহনীর ঠিক পরেই আছে। আর সমানসংখ্যক ম্যাচে ছয় জয় ও চারটিতে হারা গাজীর সংগ্রহ ১২ পয়েন্ট।
গাজীর পক্ষে কেবল একজনই রান করেছেন। এবং তিনি ওপেনার আনোয়ার। দলের মোট সংগ্রহের (৪৬ ওভারে অলআউট ১৩৪) অর্ধেকেরও বেশি ৭৫ রান এসেছে তার ব্যাট। কিন্তু অধিনায়ক মোহাম্মদ আশরাফুলসহ (১১) অন্য ব্যাটসম্যানরা দিয়েছেন চরম ব্যর্থতার পরিচয়। বিকেএসপির তানভীর হায়দার করেছেন চলতি প্রিমিয়ার লিগের সেরা বোলিং। এই লেগস্পিনার ২৬ রান খরচায় ৬ উইকেট নিয়ে একাই ধ্বসিয়ে দিয়েছেন গাজীর ব্যাটিং। এজন্য ম্যাচের সেরাও হয়েছেন তিনিই। জবাবে সৈকত আলী (৬৪) ও সৌম্য সরকারের (৫৫*) ১১৯ রানের ওপেনিং পার্টনারশিপ জয় নিশ্চিত করে দেয় তাদের। শেষপর্যন্ত মাত্র ২৪.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে যায় তারা।
ফতুল্লায় শূভাগত হোম (৭৫) ও নাজমুল হোসেনের (৫৮) ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৬ রানের বিশাল সংগ্রহই দাঁড় করায় সিসিএস। জবাব দিতে নামা বিমান ৩৬ রানে ২ উইকেট হারালেও জাভেদ ওমর (৫০) ও জাহিদ নিয়াজের ১০৫ রানের পার্টনারশিপ বিপর্যয় সামলে দেয়। জাভেদ আউট হয়ে গেলেও জাহিদ দলকে জয়ের খুব কাছে পৌছে দিয়ে তবেই আউট হন। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময় বিমানের রান ২৭০ এবং তার নামের পাশে ১১৭ রান। ১৩০ বলের এই ইনিংসে নয় বাউন্ডারির পাশাপাশি দুটো ছক্কার মারও ছিল। এমন একটা ইনিংস খেলার পর তার ম্যাচ সেরা না হওয়ার কোনো কারণই ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০৫ঘ.
bdnews24