ঢাকা, ১৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওল্ড ডিওএইচএসকে ২ উইকেটে হারিয়ে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে খেলার আশা উজ্জ্বল করে তুলেছে পারটেক্স। শুক্রবারের অন্য দুই ম্যাচে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ৮৫ রানে ভিক্টোরিয়াকে ও ইয়াং পেগাসাস ৭৪ রানে সিটি ক্লাবকে হারিয়েছে।
পারটেক্স-ওল্ড ডিওএইচএস :
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মেহরাবের ৪২ রানের সুবাদে ৪৯.২ ওভারে অলআউট হওয়ার আগে ২২০ রান করেছে ওল্ড ডিওএইচএস। জবাবে ২০ রানে ৪ উইকেট হারালেও জাতীয় দলের উইকেট কিপার মুশফিকুর রহিমের ৭৮ ও তারিক আহমেদ রুবেনের অপরাজিত ৭৭ রানের সুবাদে ৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পারটেক্স। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পারটেক্সের অবস্থান এখন ষষ্ঠ স্থানে। সমান ম্যাচে ওল্ড ডিওএইচএস-এর সংগ্রহ ৮ পয়েন্ট।
সিসিএস-ভিক্টোরিয়া :
নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে ওপেনার ইলিয়াস সানির ৯২ ও নাজমুল হোসেনের অপরাজিত ৬৭ রান সিসিএস-কে এনে দিয়েছে ৫ উইকেটে ২৬৯ রানের বড় সংগ্রহ। জবাব দিতে নেমে মাত্র ৬৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা ভিক্টোরিয়া ৪৯.২ ওভারে ১৮৪ রানে পৌঁছাতে পেরেছে আরাফাত সালাউদ্দিনের ৫২ রানের সুবাদে। ৯ ম্যাচ থেকে সিসিএস ও ভিক্টোরিয়ার পয়েন্ট যথাক্রমে ৮ ও ৪।
ইয়াং পেগাসাস-সিটি ক্লাব :
বিকেএসপি-তে জুপিটার ঘোষ (৬৬), হুমায়ুন কবির (অপঃ ৬০) ও জাভেদ খানের (৫৭) তিনটি ফিফটির সুবাদে ৮ উইকেটে ২৫১ রান করেছে ইয়াং পেগাসাস। জবাবে ওপেনার মেশেকুর রহমান (৫০), হামিদুল ইসলাম (৩৭) ও সিরাজুল্লাহ খালেদের (৩৩) প্রচেষ্টার পরও ৪০.৪ ওভারে ১৭৭ রানে অলআউট হয়ে গেছে সিটি ক্লাব। ৯ ম্যাচ থেকে পেগাসাসের সংগ্রহ ৫ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচ খেলে সবগুলোতেই হেরে যাওয়ায় সিটি ক্লাব এখন অবনমনের আশঙ্কার সামনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এএআর/এমএম/২২১০ঘ.
bdnews24