ঢাকা, ১৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বোলিং অ্যাকশনে কিছু পরিবর্ধন-পরিমার্জন এনে ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগেও বোলিং করেছেন আব্দুর রাজ্জাক। ভিডিও ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোলিং রিভিউ প্যানেলের সদস্যরাও সবাই একমত যে এখন আর কোনো সমস্যা নেই। কিন্তু এই বাঁ হাতি স্পিনারকে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে আইসিসির ছাড়পত্র লাগবে। তবে তার আগে একজন হিউম্যান মুভমেন্ট বিশেষজ্ঞকে দিয়ে তার বোলিং অ্যাকশনের নিরপেক্ষ বিশ্লেষণও করাতে হবে। সেটা করতেই সোমবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়ে যাওয়ার কথা গত ৩০ নভেম্বর সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হওয়া এই স্পিনার। এই যাত্রায় তার সঙ্গী হচ্ছেন বাংলাদেশ দলের কোচ জেমি সিডন্সও।
অবশ্য অস্ট্রেলিয়ায় পৌছেই হিউম্যান মুভমেন্ট বিশেষজ্ঞের পরীক্ষাগারে দাঁড়াচ্ছেন না রাজ্জাক। আগে যাবেন ব্রিসবেন। সেখানে ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্টার অফ এক্সেলেন্সের বোলিং বিশেষজ্ঞদের সহযোগিতাও নেবেন। এরপর ক্যানবেরায় অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টসে (এআইএস) তার বোলিং অ্যাকশনের পুনর্মূল্যায়ন পরীক্ষা হওয়ার কথা ২৩ ফেব্র"য়ারি। আইসিসির হিউম্যান মুভমেন্ট বিশেষজ্ঞ প্যানেলের সদস্য ড. মার্ক পোর্টাসের তত্ত্বাবধানে এআইএসের বায়োমেকানিক ডিপার্টমেন্টে পরীক্ষাটা দেবেন রাজ্জাক। প্রসঙ্গত, দ্বিতীয়বারের মতো তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর গত ১৭ নভেম্বর পোর্টাসই তার অ্যাকশনের নিরপেক্ষ বিশ্লেষণ করেছিলেন। ওই পরীক্ষার পরই ধরা পড়ে যে, ডেলিভারির সময় তার হাত ১৫ ডিগ্রিরও বেশি বেঁকে যায় যা অনুমোদিত নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.
bdnews24