২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফিকে ৬ লাখ ডলারে কিনলো নাইট রাইডার্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এর দ্বিতীয় আসরে খেলবেন মাশরাফি বিন মর্তুজা এবং মোহাম্মদ আশরাফুল। শুক্রবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত নিলামে মাশরাফিকে ৬ লাখ ডলারে কিনেছে কোলকাতা নাইট রাইডার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 08:11 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা,ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এর দ্বিতীয় আসরে খেলবেন মাশরাফি বিন মর্তুজা এবং মোহাম্মদ আশরাফুল। শুক্রবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত নিলামে মাশরাফিকে ৬ লাখ ডলারে কিনেছে কোলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের অন্য তিন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে নেওয়ার ব্যাপারে নিলামের মূল পর্বে কোনো দল আগ্রহ না দেখালেও শেষ পর্যন্ত দল পেয়েছেন আশরাফুল। অবিক্রিতদের মধ্য থেকে খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ অধিনায়ককে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। আশরাফুলের বেধে দেওয়া সর্বনিম্ন মূল্য ৭৫ হাজার ডলারেই তাকে কিনেছে শচীন টেন্ডুলকারের দল। এর আগে আইপিএল-এর প্রথম আসরে প্রথম বাংলাদেশী হিসেবে খেলেছেন স্পিনার আব্দুর রাজ্জাক। মাশরাফিকে পাওয়ার জন্য লড়াইয়ে নেমেছিল পাঞ্জাব কিংস ইলেভেন এবং কোলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাবের পক্ষে দলের পৃষ্ঠপোষক, হিন্দি ছবির জনপ্রিয় নায়িকা প্রীতি জিনতা আর মুম্বাই চলচ্চিত্রের 'কিং খান' শাহরুখের কোলকাতা নাইট রাইডার্সের পক্ষে দর হাঁকেন হিন্দি ছবির আরেক গ্ল্যামারাস নায়িকা জুহি চাওলা। শেষ পর্যন্ত জুহি চাওলারই জয় হয়। আইপিএল-এর এবারের আসরে সবচেয়ে বেশি দাম ওঠে কেভিন পিটারসেন আর অ্যান্ড্রু ফ্লিনটফের। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পিটারসেনকে পেতে ১৫ লাখ ৫০ হাজার ডলার খরচ করছে ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স। অলরাউন্ডার ফ্লিনটফকে একই দামে কিনেছে চেন্নাই সুপার কিংস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এসকে/১৪৫৬ঘ.