২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেবাগ-যুবরাজের সেঞ্চুরিতে রানের পাহাড়ে ভারত

ওয়ানডেতে ওয়াসিম আকরামের সর্বোচ্চ উইকেটের (৫০২) রেকর্ড স্পর্শ করেছেন মুত্তিয়া মুরালিধরন। কিন্তু 'মুরালি'র রেকর্ড স্পর্শ করার দিনটি মোটেও খুশি করতে পারেনি শ্রীলঙ্কাকে। কারণ বীরেন্দর শেবাগ ও যুবরাজ সিংয়ের দুটো চমকপ্রদ সেঞ্চুরি। যে সেঞ্চুরি দুটোর ওপর ভর করে মঙ্গলবার তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটে ৩৬৩ রানের বিশাল সংগ্রহ গড়েছে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 01:26 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

কলম্বো, ৩ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়ানডেতে ওয়াসিম আকরামের সর্বোচ্চ উইকেটের (৫০২) রেকর্ড স্পর্শ করেছেন মুত্তিয়া মুরালিধরন। কিন্তু 'মুরালি'র রেকর্ড স্পর্শ করার দিনটি মোটেও খুশি করতে পারেনি শ্রীলঙ্কাকে। কারণ বীরেন্দর শেবাগ ও যুবরাজ সিংয়ের দুটো চমকপ্রদ সেঞ্চুরি। যে সেঞ্চুরি দুটোর ওপর ভর করে মঙ্গলবার তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটে ৩৬৩ রানের বিশাল সংগ্রহ গড়েছে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা ভারতের শুরুটা অবশ্য মোটেও ভালো হয়নি। সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা দিলহারা ফার্নান্দোর প্রথম ওভারের (ইনিংসের দ্বিতীয়) শেষ বলে এলবিডব্লু হয়ে গেছেন শচীন টেন্ডুলকার (৭)। ওয়ানডের সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিকের সিরিজে এটা তৃতীয় বারের মতো এলবিডব্লুর ফাঁদে পড়া এবং এবারের সিদ্ধান্তও ছিল যথেষ্ট প্রশ্নবিদ্ধ। দলীয় ৯ রানে টেন্ডুলকারকে হারানো ভারত ইনিংসের চতুর্থ ওভারে আরেকটা ধাক্কা খেয়েছে। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে গেছেন ভালো ফর্মে থাকা গৌতম গম্ভীর (১০)। ফার্নান্দোকে বোলারস ব্যাক ড্রাইভ করে মাঠের বাইরে পাঠাতে চেয়েছিলেন শেবাগ। কিন্তু বল ফার্নান্দোর হাতে লেগে ভেঙ্গে দিয়েছে নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্প। গম্ভীরকেও তাই ফিরে আসতে হয়েছে একরাশ হতাশা নিয়ে। তবে দলকে সেই হতাশা বুঝতেই দেননি শেবাগ-যুবরাজ। শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের ওপরে চড়াও হয়ে একেবারে রানের বন্যা বইয়ে দিয়েছেন দুজনে। মাত্র ৪০ বলে ফিফটি করেছেন যুবরাজ। ফিফটি করতে শেবাগ নিয়েছেন তার চেয়ে ৪ বল বেশি। তবে তিন অংক স্পর্শ করার লড়াইয়ে সতীর্থকে হারিয়ে দিয়েছেন 'বীরু'। দশম ওয়ানডে সেঞ্চুরি করতে শেবাগের লেগেছে ৭৫ বল। আর একাদশ সেঞ্চুরিতে পৌঁছাতে ৮২ বল খরচ করেছেন যুবরাজ। এই দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্যই এক সময় চার শ' করারও স্বপ্ন দেখতে পারছিল 'টিম ইন্ডিয়া'। শেষ পর্যন্ত সেটা অবশ্য হয়নি। তৃতীয় উইকেটে দুজনের মধ্যে ২৭.৫ ওভারে গড়ে ওঠা ২২১ রানের বিশাল জুটিটা ভেঙ্গেছেন মুরালিধরন, যুবরাজকে কাপুগেদারার ক্যাচ বানিয়ে। মঙ্গলবার এটাই মুরালির একমাত্র সাফল্য এবং এই উইকেটই আকরামের পাশে দাঁড় করিয়েছে সর্বকালের সেরা অফস্পিনারকে। যুবরাজের ৯৫ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংসে ১৭ বাউন্ডারি ছাড়াও ছিল একটি বিশাল ছক্কা। যুবরাজ ফিরে যাওয়ার সময় ভারতের স্কোর ৩ উইকেটে ২৪৫ রান। এরপর শেবাগও বেশিক্ষণ টিকতে পারেননি। তিন ওভার পর দলের সংগ্রহে আর ২০ রান যোগ হতেই তিনি রান আউট! মিডঅফে বল ঠেলে সিঙ্গেল নিতে গিয়ে জয়াসুরিয়ার সরাসরি থ্রোতে আউট হয়ে গেছেন ভারতের 'বিস্ফোরক' ওপেনার। ৯০ বলে ১১৬ রান করা শেবাগ ১৭টি বাউন্ডারি মারলেও বিস্ময়করভাবে কোনো ছক্কা আসেনি তার ব্যাট থেকে! শেবাগকে হারানোর দুঃখ ভুলতে অবশ্য সময় লাগেনি ভারতের। সুরেশ রায়না (৯) অজন্তা মেন্ডিসের বলে স্টাম্পিংয়ের শিকার হলেও ভারতকে সাড়ে তিন শ' পার করিয়েছে ইউসুফ পাঠানের আক্রমণাত্মক ফিফটি। মাত্র ৩৮ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকা পাঠানদের বড় ভাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৮৫ রানের জুটি গড়েছেন। ধোনি অপরাজিত ছিলেন ৩৫ রানে। সংক্ষিপ্ত স্কোর : ভারত : ৫০ ওভারে ৩৬৩/৫ (শেবাগ ১১৬, টেন্ডুলকার ৭, গম্ভীর ১০, যুবরাজ ১১৭, ধোনি ৩৫*, রায়না ৯, ইউসুফ ৫৯*, অতিরিক্ত ১০; কুলাসেকারা ০/৬৮, ফার্নান্দো ১/৬৩, মাহারুফ ০/৬৮, মেন্ডিস ১/৬৪, মুরালিধরন ১/৬০, জয়াসুরিয়া ০/৪০)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২৬ঘ.