২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টি-টোয়েন্টি পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করবে: ইউসুফ

টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করে দেবে বলে আশঙ্কা করছেন দলের অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 12:20 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করে দেবে বলে আশঙ্কা করছেন দলের অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। পাকিস্তান ক্রিকেট দলের সামনে বিস্তর টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলার সূচি রয়েছে। কিন্তু মোহাম্মদ ইউসুফ মনে করছেন, প্রয়োজন ছাড়া পাকিস্তানের টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলা ঠিক হবে না। নইলে পাকিস্তানে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। ইউনিস খানের অনুপস্থিতিতে দলনায়কের দায়িত্ব পাওয়া ইউসুফ বলেন, "ব্যাটিং ব্যর্থতা আগেও ঘটেছে। কিন্তু এখন বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যে কোনো ব্যাটসম্যান জানেই না কীভাবে উইকেটে টিকে থাকতে হয়।" ক্রিকইনফোকে তিনি বলেন, "আমি জানি টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে টাকা আছে এবং তারা তা পেয়েও থাকে। এ ব্যাপারে বোর্ডেরও কোনো আপত্তি নেই। কিন্তু যদি বেশি করে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট খেলে, তাহলে পাকিস্তানে টেস্ট ও একদিনের ক্রিকেটের মান কমে যাবে।" বুধবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ১৭০ রানের বড় ব্যবধানে হারের কারণেই ইউসুফ এভাবে ভাবতে বাধ্য হচ্ছেন। পাকিস্তান প্রথম ইনিংসে ২৫৮ এবং দ্বিতীয় ইনিংসে ২৫১ রানে অলআউট হয়। গত ১৪ টেস্টে পাকিস্তানি ব্যাটসম্যানরা মাত্র দু'বার সাড়ে তিনশ' রানের কোঠা অতিক্রম করতে পেরেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৮২১ ঘ.