ডারবান, দক্ষিণ আফ্রিকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই জয়ের সম্ভাবনা দেখছে ইংল্যান্ড। মঙ্গলবার ইয়ান বেলও (১৪১) পেয়ে যান নবম সেঞ্চুরির দেখা। ফলে ৯ উইকেটে ৫৭৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে অ্যান্ড্রু স্ট্রাউসের দল। ইনিংস পরাজয় এড়াতেই করতে হবে ২৩৩ রান -- এ অবস্থায় দ্বিতীয় ইনিংস শুরু করে স্বস্তিতে নেই স্বাগতিকরা। সোয়ানের বলে অ্যাশওয়েল প্রিন্স (১৬) ও হাশিম আমলা (৬) ফিরে যাওয়ায় শেষ খবর পাওয়া পর্যন্ত স্কোর ২ উইকেটে ৩৭।
অ্যালস্টেয়ার কুকের (১১৮) দশম সেঞ্চুরির সুবাদে ৫ উইকেটে ৩৮৫ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। মঙ্গলবার প্রায়রকে নিয়ে স্কোরটা ৪৭৭ পর্যন্ত নিয়ে যান ইয়ান বেল। সেখানে প্রায়র ৬০ রান করে ডুমিনির বলে বোল্ড হয়ে গেলেও বেল টিকে ছিলেন অনেকক্ষণ। ২২৭ বলে ১০টি চার ও ১টি ছক্কায় ১৪১ রান করার পর নবম ব্যাটসম্যান হিসেবে তার বিদায়ের সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করে দেন স্ট্রাউস। ৩টি করে উইকেট পেয়েছেন মরকেল ও ডুমিনি। স্টেইন পেয়েছেন ২ উইকেট।
প্রথম ইনিংসে ৩৪৩ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২০১০ ঘ.
bdnews24