ডারবান, দক্ষিণ আফ্রিকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে যেন ব্যাটিং প্রদর্শনীতে মেতেছে ইংল্যান্ড। অ্যালিস্টার কুক ও পল কলিংউডের চমৎকার ব্যাটিংয়ে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩৮৫ রান করে ফেলেছে তারা। কুক ক্যারিয়ারের দশম সেঞ্চুরির দেখা পেলেও অল্পের জন্য তা হাতছাড়া হয় কলিংউডের (৯১)। দিনশেষে ৫৫ রান নিয়ে ব্যাট করছিলেন ইয়ান বেল, তার সঙ্গে ছিলেন ম্যাট প্রায়র (১১*)। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে ৫ উইকেট হাতে রেখেই ৪১ রানে এগিয়ে গেছে ইংল্যান্ড।
তৃতীয় দিনের শুরুটা অবশ্য বাজে হয়েছিল ইংল্যান্ডের। আগের দিনের ১ উইকেটে ১০৩ রানের সঙ্গে মাত্র ১ রান যোগ করেই মর্কেলের বলে বাউচারের হাতে ধরা পড়েন জোনাথন ট্রট (১৮)। কিন্তু অন্যপ্রান্তে কুকের উপস্থিতি এগিয়ে নিতে থাকে সফরকারীদের। প্রথমে পিটারসেন (৩১) ও পরে কলিংউডকে নিয়ে তৃতীয় ও চতুর্থ উইকেটে যথাক্রমে ৫১ ও ১৪২ রানের জুটি গড়ে দলের স্কোর ২৯৭-এ নিয়ে যান। ওই স্কোরে ১১টি চারের সহায়তায় ১১৮ রান করা কুক মর্কেলের বলে ক্যালিসের ক্যাচ হলে হাল ধরতে হয় ইয়ান বেলকে।
প্রথম ইনিংসে ৩৪৩ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এএইচএস/এসি/০০২৮ ঘ.
bdnews24