ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রমীলা জাতীয় ক্রিকেট লিগে সোমবার জয় পেয়েছে খুলনা ও সিলেট বিভাগীয় দল।
শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনার বোলিং তোপের মুখে ৮২ রানেই অল-আউট হয় বরিশাল বিভাগ। সফরকারী দলের ইনিংসে ধ্বস নামিয়েছেন অধিনায়ক সালমা খাতুন, ১০ ওভারে ৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি আর ১০ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন রুমানা আহমেদ। বরিশালের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেন খায়রুন নাহার। পরে শুকতারা ৩৭ ও রুবিনার ২২ রানের অপরাজিত ইনিংস দুটি ১০ উইকেটে জয় এনে দেয় খুলনাকে।
ওদিকে, খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করে চট্টগ্রাম বিভাগ। চমনারা চাকমার ব্যাট থেকে আসে ৩০ রান। ২টি করে উইকেট নেন সুপ্রিয়া দাশ ও শারমিন আক্তার। জবাবে জাহানারার ৪০ রানের ইনিংসের ওপর ভর করে ৪ উইকেটে জয় নিশ্চিত করে সিলেট বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২৩৫৬ ঘ.
bdnews24