২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেলবোর্ন টেস্টের লাগাম অস্ট্রেলিয়ার হাতে

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনেই প্রথম টেস্টের লাগাম অস্ট্রেলিয়া নিজেদের হাতে তুলে নিয়েছে। প্রথম ইনিংসে অসিদের ৫ উইকেটে ৪৫৪ রানের জবাবে পাকিস্তান দিন শেষে করেছে ৪ উইকেটে ১০৯। ফলে তারা পিছিয়ে আছে ৩৪৫ রানে। হাতে আছে ৬ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

মেলবোর্ন, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনেই প্রথম টেস্টের লাগাম অস্ট্রেলিয়া নিজেদের হাতে তুলে নিয়েছে। প্রথম ইনিংসে অসিদের ৫ উইকেটে ৪৫৪ রানের জবাবে পাকিস্তান দিন শেষে করেছে ৪ উইকেটে ১০৯। ফলে তারা পিছিয়ে আছে ৩৪৫ রানে। হাতে আছে ৬ উইকেট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার অস্ট্রেলিয়া দিনের খেলা শুরু করে ৩ উইকেটে ৩০৫ রান নিয়ে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মাইক হাসি ৩৭ রান নিয়ে খেলা শুরু করে আউট হন ৮২ রানে। তখন দলের রান ছিল ৩৮২। ১১৩ বল খেলে ১০টি চার দিয়ে তিনি তার ইনিংসটি সাজান। অপর অপরাজিত ব্যাটসম্যান নাথান হরিটজ ৫ রান নিয়ে খেলা শুরু করলেও তিনি তার ইনিংসটিকে টেনে নিয়ে যান ৭৫ রানে। আব্দুর রউফের বলে হরিটজ এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ার সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করেন অসি অধিনায়ক রিকি পন্টিং। তখন ২৮ রানে অপরাজিত ছিলেন মাইকেল ক্লার্ক। পাকিস্তানের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ আসিফ ২ উইকেট নিয়েছেন ৮৬ রানে। এছাড়া একটি করে উইকেট নেন আব্দুর রউফ ও সাঈদ আজমল। জবাব দিতে নেমে পাকিস্তানি ব্যাটসম্যানরা মোটেও সুবিধা করতে পারেননি। ২৬ রানে প্রথম উইকেট (ইমরান ফারহাত (৯) জনসনের বলে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। দলীয় ৫৯ রানে ফিরে যান ওয়ানডাউন ব্যাটসম্যান ফয়সল ইকবাল (১৫)। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট (৪৫) ৮৪ রানের মাথায় শেন ওয়াটসনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলে বিপদেই পড়ে পাকিস্তান। কিন্তু সেই অবস্থায় দলের হাল ধরতে ব্যর্থ অধিনায়ক মোহাম্মদ ইউসুফও। মাত্র ২২ রান করে আউট হন ১০৯ রানের মাথায়। এখন উইকেটে আছেন উমর আকমল ১০ রান নিয়ে। আর মোহাম্মদ আমের রানের খাতাই খুলতে পারেননি এখনো। অস্ট্রেলিয়ার পক্ষে একটি করে উইকেট নেন পিটার সিডল, নাথান হরিটজ, মিচেল জনসন ও শেন ওয়াটসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০১২ ঘ.