ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় লিগে ম্যাচ ফি বাড়ানোর দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোওয়াব)-এর ব্যানারে রোববার এক সংবাদ সম্মেলনে চার দিনের ম্যাচের জন্য ৩৫ হাজার, একদিনের ম্যাচে ২০ হাজার এবং টোয়েন্টি-টোয়েন্টির ম্যাচ ফি ১০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন ক্রিকেটাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের দাবি না মানলে ১ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় জাতীয় লিগে অংশ নেবেন না বলে ঘোষণাও দিয়েছেন। ক্রিকেটারদের এই দাবিকে যৌক্তিক মনে করেন কোওয়াব সভাপতি নাঈমুর রহমান। তিনি বলেন, 'প্রথম শ্রেণীর ক্রিকেটে বর্তমান ম্যাচ ফি খুবই কম। অন্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ম্যাচ ফি নির্ধারণ করা উচিত।'
জাতীয় দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও কোওয়াবের বেঁধে দেয়া এই ম্যাচ ফি'র প্রতি সমর্থন দিয়েছেন। সংবাদ সম্মেলনে সাকিব বলেন, 'দেশে একটি মাত্র প্রথম শ্রেণীর টুর্নামেন্ট হয়। এই টুর্নামেন্টে অবশ্যই সম্মানজনক ম্যাচ ফি'র ব্যবস্থা রাখতে হবে। চার দিনের ম্যাচে ৩৫ হাজার টাকা খুব বেশি নয়।'
ম্যাচ ফি বাড়ানোর দাবির পেছনে আশরাফুলে যুক্তি, 'অন্যান্য দেশে প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ ফি অনেক বেশি, আমরা কেন পাব না। আমি আশা করি বিসিবি আমাদের দাবি বিবেচনা করে দেখবে।'
বর্তমান মৌসুমে চার দিনের ম্যাচে ১২ হাজার, একদিনের ম্যাচের জন্য ৭ হাজার টাকা ম্যাচ ফি ঠিক করেছে বিসিবি। টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচের ফি এখনও নির্ধারণ করা হয়নি। এবারই প্রথম টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুধু ম্যাচ ফিই নয়, জাতীয় লিগের ফরমেটেও পরিবর্তন আনার আহবান জানিয়েছেন ক্রিকেটাররা। নতুন ফরমেটে ম্যাচ কমানো হয়েছে। তাই ২০০৮ সালের নিয়ম 'হোম এবং অ্যাওয়ে' পদ্ধতিতে খেলতে চান তারা। সেই সঙ্গে লিগ পিছিয়ে ১ জানুয়ারির পরিবর্তে ৫ জানুয়ারি শুরুর দাবি করেছেন কোওয়াব সদস্যরা। কোওয়াব সাধারণ সম্পাদক দেবব্রত জাতীয় লিগ পেছানোর কারণ হিসেবে বলছেন, ঢাকা প্রথম বিভাগ লিগের খেলা তখনও শেষ হবে না। অথচ প্রথম বিভাগের ক্রিকেটাররাও জাতীয় লিগে খেলবেন।
প্রথম বিভাগের মাত্র চার ক্রিকেটার জাতীয় লিগে খেলার সুযোগ পেয়েছেন। আজাদের ইরফান শুক্কুর ও বাড়িধারা ক্লাবের মিরাজ আহমেদ চট্টগ্রাম বিভাগীয় দলে এবং ওরিয়েন্ট ক্লাবের সোহাগ গাজী ও সাদ্দাম খান বরিশাল বিভাগের হয়ে খেলবেন। এদের মধ্যে ইরফান শুক্কুর ও মিরাজ আহমেদের প্রথম বিভাগের খেলা এরই মধ্যে শেষ হয়ে গেছে।
টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব হাফিজুর রহমান জোয়ার্দার এত বেশি ম্যাচ ফি দাবির যোক্তিকতা খুঁজে পাননি। রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'হঠাৎ করেই ম্যাচ ফি অনেক বেশি বাড়ানো সম্ভব নয়। আগের বছরের চেয়ে এবার ২ হাজার টাকা বাড়িয়ে দেয়া হয়েছে। ধীরে ধীরে আরো বাড়নো হবে।'
টুর্নামেন্ট কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন লিপুর কাছেও ক্রিকেটারদের পারিশ্রমিকের দাবি অনেক বেশ মনে হয়েছে। তিনি বলেন, 'আমাদের কাছে কোওয়াব থেকে এখনও লিখিত কিছু জানানো হয়নি। কাগজ হাতে পাওয়ার পরই আমরা আলোচনায় বসে গ্রহণযোগ্য একটা সমাধান খুঁজে বের করার চেষ্টা করবো।'
তিনি আরো বলেন, 'ক্রিকেটারদের বোঝা উচিত আয়ের সঙ্গে সঙ্গতি রেখে আমরা বাজেট তৈরি করি। চাইলেই অনেক বেশি টাকা খরচের সুযোগ নেই। কর্মকর্তা এবং ক্রিকেটার মিলেই বিসিবি। আশা তারা খেলার মাঠে থাকবে, আমরা বিষয়টির সঙ্গে সমন্বয় করবো।'
তবে টুর্নামেন্ট পেছানোর কারণ খুঁজে পাচ্ছেন না লিপু। চার ক্রিকেটারের জন্য লিগ পেছানো যায় না। প্রথম বিভাগের ওই চার ক্রিকেটার জাতীয় লিগে খেলার সুযোগ পাবেন না বলেও মনে করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি।
ছয় বিভাগীয় দলের ক্রিকেটাররা উপস্থিত ছিলেন কোওয়াবের সংবাদ সম্মেলনে। বরিশালে পক্ষে হান্নান সরকার, শাহরিয়ার নাফিস ও ইমরান আহমেদ; খুলনার পক্ষে তুষার ইমরান, সাকিব আল হাসান ও পাভেল; ঢাকার পক্ষে মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ শরিফ, জাভেদ ওমর; সিলিটের পক্ষে রাজিন সালেহ, অলক কাপালি ও চট্টগ্রামের পক্ষে তারেক আজিজ, ফয়সাল হোসেন ডিকেন্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৪০ ঘ.
bdnews24