চেন্নাই, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ খেলছেন না শচীন টেন্ডুলকার। তবে বাংলাদেশের বিপক্ষে টেস্টে মাঠে নামবেন তিনি।
ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টের আগে শচীন বিশ্রাম চাইছেন। তাই তাকে তা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে ৪ জানুয়ারি ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে, যা শেষ হব ১৩ জানুয়ারি। এর পরপরই ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ।
ওয়ান ডে সিরিজে ৩৬ বছর বয়সি শচীনের জায়গায় রোহিত শর্মাকে ডেকেছে বিসিসিআই। এছাড়া দলে আর কোনো পরিবর্তন আসেনি।
ত্রিদেশীয় সিরিজে ১৬ সদস্যের ভারতীয় দলে নেতৃত্ব দিচ্ছেন যথারীতি মহেন্দ্র সিং ধোনি।
দলের অপর সদস্যরা হলেন- বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, ভিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, জহির খান, আশীষ নেহরা, যুবরাজ সিং, সুদীপ তায়াগি, দীনেশ কার্তিক, শান্তকুমারণ শ্রীশান্ত, অশোক দিন্দা ও অমিত মিশ্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১৪০ ঘ.
bdnews24