ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে টানা চতুর্থ শিরোপা জয়ের রেকর্ড গড়া হলো না আবাহনীর। শিরোপা নির্ধারণী ম্যাচে সোমবার মোহামেডানের কাছে ৩ উইকেটে হেরে গেছে তারা। অন্যদিকে আট বছরের ব্যর্থতা ঘোচালো মোহামেডান। ২০০১ সালে এমনই এক ম্যাচে আবাহনীকে হারিয়ে সর্বশেষ লিগ শিরোপা জিতেছিল তারা।
নাটকীয়তায় ভরা ম্যাচে পরাজয়ের খুব কাছে চলে যাওয়ার পরও জয় ছিনিয়ে নিয়েছে মোহামেডান। জয়ের জন্য যখন ১২ বলে ৩৪ রান দরকার, ঠিক তখনই জ্বলে ওঠেন পাকিস্তানি অলরাউন্ডার রানা নাভেদুল হক। ৪৯ তম ওভারে সাকিবের বলে ১৮ রান তুলে নিয়ে ব্যাকফুটে ঠেলে দেন আবাহনীকে।
শেষ ওভারে দরকার ১৬ রান। অভিজ্ঞ মোহাম্মদ রাফিকের ওপর আস্থা আখলেন সাকিব। কিন্তু পরপর দুটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ হাতে নিয়ে আসেন রানা নাভিদ। কিন্তু ওভারের চতুর্থ বলে চারটি ছক্কার সহায়তায় ১৭ বলে ২৯ রান করে রানাও স্টাম্পড। তারপরও শেষ বলে তিন রান করলেই ম্যাচ হয়ে যেতো টাই, সেক্ষেত্রে ১ পয়েন্টে এগিয়ে থাকার সুবাদে এ ম্যাচের এক পয়েন্ট নিয়েই শিরোপা জিতে নিতো মোহামেডান। কিন্তু ম্যাচের শেষ বলে তুলে মারতে গিয়ে ব্যাটে বলে হলোনা খালেদ মাসুদের। তাতে কি! ভাগ্যদেবী সুপ্রসন্ন থাকায় ব্যাটের কানা ছুঁয়েই বল চলে যায় সীমানার বাইরে। উৎসবে মাতে মোহামেডান আর আবাহনী শিবির ভেঙ্গে পড়ে হতাশায়।
সকালে টস জিতে ১২০ রানে ৪ উইকেট হারিয়ে আবাহনী খানিকটা বিপদে পড়লেও পঞ্চম উইকেট জুটিতে নাদিফ চৌধুরীকে নিয়ে ইনিংসের মোড় ঘুড়িয়ে দেন পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। জুটিতে দলকে ১০৭ রান এনে দেয়ার পর ৭১ বলে ৬টি ছক্কা ও ৩টি চারের সহায়তায় ৮৮ রান করে ফিরে যান রাজ্জাক। সাকলাইন সজিবকে সহজ এক ফিরতি ক্যাচ দেয়ার মাধ্যমে শেষ হয় তার এই চমৎকার ইনিংস। রাজ্জাক ছাড়া নাদিফ চৌধুরী ৫৬, রনি তালুকদারের ৪৬ ও মাহবুবুল করিম মিঠুর ২৮ রানও ভূমিকা রেখেছে আবাহনীর বেশ ভালো একটা স্কোর দাঁড় করানোয়।
রানা নাভেদুল হাসান ৪১ রানে তিনটি এবং সাকলাইন সজিব পেয়েছেন ৫৭ রানে ২ উইকেট।
মোহামেডানের শুরুটাও খুব ভালো ছিলনা। ৩২ রানের মধ্যে শামসুর রাহমান ও আফতাব আহমেদ আউট। এরপর অবশ্য সহ-অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ৫২ রান তুলে ইনিংসের ভিত গড়ে দেন। সেটাকেই এগিয়ে নেন মাহমুদুল্লাহ রিয়াদ ও ফসাল হোসেন পঞ্চম জুটিতে ১১৫ রান যোগ করে। ৮০ বলে ৬৪ রান করে রান আউট হন রিয়াদ। ফয়সাল হোসেনের ব্যাট থেকে আসে ৭৭ রান। তবে শেষ পর্যন্ত সবাইকে ছাপিয়ে যান রানা নাভেদুল হাসান।৩ উইকেট নেয়ার পর ১৭ বলে ২৯ রান করায় তিনিই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
সুভাশিস রায় তিনটি ও মোহাম্মদ রফিক দুটি উইকেট নিলেও এ ম্যাচ হেরে তৃতীয় হয়ে লিগ শেষ করে আবাহনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/২১৪৩ ঘ.
bdnews24